ঢাকা থেকে তিন বিভাগ অভিমুখে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচিতে কিছু কাটছাঁট করা হয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কর্মসূচি ঘোষণার পর এখন মাঠপর্যায়ের নেতারা কর্মসূচিতে কিছু পরিবর্তন এনেছেন। মাঠের নেতাদের চাপে ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগ অভিমুখে রোডমার্চ স্থগিত ও রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচির জনসভার স্থান পরিবর্তন করা হয়েছে। এর ফলে রাজশাহীর পরিবর্তে জনসভা হবে পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে।আর চট্টগ্রামে রোডমার্চ স্থগিত হওয়ায় ২৫ বা ২৬ অক্টোবর ময়মনসিংহ জেলায় একটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।খালেদা জিয়া গত ২৭ সেপ্টেম্বর চার দলের জনসভা থেকে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেন। এই তিন বিভাগীয় শহর ছাড়া বগুড়া ও ফেনীতে জনসভা করার কথাও বলেন তিনি। রোডমার্চ কর্মসূচির পর সরকারবিরোধী আন্দোলনের ‘ফাইনাল খেলা’র ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। এদিকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি স্থগিত হওয়ায় দলের নীতিনির্ধারকদের দায়ী করেছেন বিএনপির চট্টগ্রামের নেতারা। তাঁদের দাবি, নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে দলীয় চেয়ারপারসনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে না। এতে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে বিএনপির একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা মন্তব্য করেছেন।বিএনপির সূত্রে জানা গেছে, কর্মসূচি নির্ধারণ এবং শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে গত ১৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার নির্দেশে তিন সদস্যের একটি লিয়াজোঁ কমিটি হয়। এই কমিটির প্রধান হলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর দুই সদস্য হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। তিন সদস্যের এই কমিটি রোডমার্চের তারিখ নির্ধারণ করে। কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, কর্মসূচি চূড়ান্ত করার আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা হয়নি। এই নেতার দাবি, কর্মসূচি পালন নিয়ে দলের মধ্যে কোনো মতবিরোধ নেই। তবে ঈদের আগে চট্টগ্রামে কর্মসূচি দেওয়ার ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল।অবশ্য বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, কর্মসূচি চূড়ান্ত করে চেয়ারপারসন তা ঘোষণা করেছেন। এরপর সংশ্লিষ্ট এলাকার রোডমার্চের জন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে কমিটি করা হয়েছে। এখন এই কমিটিগুলো মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে কাজ করছেন। চট্টগ্রাম বিএনপির একটি সূত্র জানিয়েছে, মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী হজ পালন করতে শিগগির সৌদি আরবে যাবেন। আর মহানগরের আরেক গুরুত্বপূর্ণ নেতা আবদুল্লাহ আল নোমান হাসপাতালে চিকিৎসাধীন। মহানগর বিএনপির বিবদমান প্রধান দুই পক্ষের দুই শীর্ষ নেতার অনুপস্থিতিতে রোডমার্চ সফল হবে না বলে সেখানকার নেতারা খালেদা জিয়াকে জানিয়েছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের নীতিনির্ধারকেরা রোডমার্চ কর্মসূচি নির্ধারণ করেছেন। কিন্তু পরেই তাঁরা হয়তো ভুল বুঝতে পেরেছেন। কেননা, কোরবানির ঈদের মাত্র ১০ দিন আগে এত বড় কর্মসূচি পালন করা কঠিন। তা ছাড়া চট্টগ্রামের লোকেরা হজে বেশি যান। দলের অনেক নেতাই তখন দেশে থাকবেন না। এসব বিবেচনা করেই নীতিনির্ধারকেরা ঈদের পরে কোনো একসময় এ কর্মসূচি পালনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির সূত্রে জানা গেছে, আমীর খসরু মাহমুদ গত ৩০ সেপ্টেম্বর গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচির সময় পরিবর্তনের অনুরোধ করেন। তিনি ওই সময় কর্মসূচি পালনের সমস্যার কথা তুলে ধরেন। ওই রাতেই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার দলটি আনুষ্ঠানিকভাবে কর্মসূচি স্থগিতের কথা ঘোষণা করেছে। সিলেট ও রাজশাহী অভিমুখে রোডমার্চ সফল করতে গতকাল এই দুই বিভাগ ও আশপাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সিলেটের রোডমার্চ প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার মোশাররফ হোসেন ও রাজশাহীর দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম খান।