ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এবার দলটির নেতৃত্বাধীন চারদলীয় জোট একসঙ্গে কর্মসূচি ঘোষণা ও পালন করছে। এটি জোটের প্রথম কর্মসূচি। চারদলীয় জোটের সমাবেশ থেকে খালেদা জিয়া গত ২৭ সেপ্টেম্বর এই কর্মসূচি ঘোষণা করেন। আজ সিলেট অভিমুখে রোডমার্চের মধ্য দিয়ে তা শুরু হলো। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনায়ও একই কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির আগে প্রথম আলো অনলাইনকে এর উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রথম আলো: আজ শুরু হচ্ছে রোডমার্চ কর্মসূচি। আপনাদের দলীয় প্রস্তুতি কেমন? মির্জা ফখরুল: রোডমার্চ অনুষ্ঠানে বিএনপির প্রস্তুতি খুবই ভালো। আশা করছি, শান্তিপূর্ণভাবে তা শেষ হবে। এরই মধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বৈঠক করেছেন। রোডমার্চ যেসব এলাকার ওপর দিয়ে যাবে সেগুলোসহ আশপাশের জেলাগুলোতে নেতা-কর্মীরা কাজ করছেন। পথে পথে চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে ব্যানার ও পোস্টার টাঙানো এবং তোরণ নির্মাণ করা হয়েছে। রোডমার্চে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।প্রথম আলো: কর্মসূচি পালনের জন্য সরকারি সংস্থাগুলোর অনুমতি নিয়েছেন?মির্জা ফখরুল: হ্যাঁ নিয়েছি। সরকারের সব মহলকে এই কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে। যেখানে লিখিত অনুমতির প্রয়োজন হয়েছে, সেখানে তাই নেওয়া হয়েছে। রোডমার্চের পথে সেতুগুলোতে গাড়িবহরের টোল দেওয়ার ব্যাপারেও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। বিএনপি এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে। সরকার এতে সহযোগিতা দেবে এটাই বিশ্বাস করি।প্রথম আলো: আপনাদের শরিকরাও কি এই কর্মসূচিতে সক্রিয় অংশ নেবে?মির্জা ফখরুল: বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট এই কর্মসূচি ঘোষণা করেছে। তাই জোটের অন্য চার শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসের নেতা-কর্মীরাও এতে অংশ নিচ্ছেন। এ ছাড়া বিএনপির সমমনা রাজনৈতিক দল এবং এলডিপি ও বিকল্পধারা থাকছে এই কর্মসূচিতে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করছি। এই দাবির সঙ্গে যারা একমত, তারা যে কেউ কর্মসূচিতে অংশ নিতে পারবে। আমরা জেনেছি, অনেক পেশাজীবী সংগঠনও কর্মসূচিতে অংশ নিচ্ছে, অনেকে একাত্মতা প্রকাশ করছে।প্রথম আলো: রোডমার্চ থেকে আপনারা কী ধরনের লাভের আশা করছেন?মির্জা ফখরুল: রোডমার্চ কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের পাশাপাশি দেশের ১৬ কোটি মানুষকে অনুপ্রাণিত ও উজ্জীবিত করতে চায় বিএনপি। এ জন্য সিলেট ও রাজশাহীর পর চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগ অভিমুখে রোডমার্চ হবে। ২৫ অক্টোবর ময়মনসিংহে জনসভা হবে। এর সবকিছুই বিএনপিকে রাজনৈতিকভাবে লাভবান করবে।তা ছাড়া রোডমার্চ ঘিরে বিএনপির বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড চাঙা হয়ে উঠেছে। নেতা-কর্মীরা আর নীরবে থাকছেন না। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করছেন। এতে সংগঠন শক্তিশালী হচ্ছে। তাই বলব, এই কর্মসূচির মাধ্যমে বিএনপি রাজনৈতিক ও সাংগঠনিক—দুই দিক থেকে লাভবান হবে, যা সরকার পতন আন্দোলনের জন্য খুবই প্রয়োজন।প্রথম আলো: এই ধরনের কর্মসূচি আগেও রাজনৈতিক দলগুলো পালন করেছে। আসলে এটা কতটা ফলপ্রসূ হয়?মির্জা ফখরুল: এটা একটা আন্দোলন কর্মসূচি। গণতান্ত্রিক অধিকার। দাবি আদায়ে রাজনৈতিক দলগুলো এ ধরনের কর্মসূচি পালন করে আসছে। তাই বলা যায়, এটা অবশ্যই ফলপ্রসূ। তা না হলে কেন দলগুলো যুগ যুগ ধরে এমন কর্মসূচি পালন করছে। আমি বলব, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের পক্ষে। বিএনপি তো সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য মুখিয়ে ছিল না। তারা তো প্রথম থেকেই সরকারকে সহায়তা করতে চেয়েছে। এ ধরনের কর্মসূচি পালনের জন্য সরকারই বাধ্য করেছে। মানুষকে সচেতন করে, ধীরে ধীরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় বিএনপি। সে ক্ষেত্রে এই কর্মসূচিও একটা ধাপ। আগেই বলেছি, এর মাধ্যমে আমাদের দলটি রাজনৈতিক ও সাংগঠনিকভাবে লাভবান হবে। সেটা ভবিষ্যতের জন্য জরুরি।প্রথম আলো: সরকার বা সরকারি দল এই রোডমার্চ কর্মসূচিতে বাধা দিলে আপনারা কী আবার হরতাল ডাকবেন?মির্জা ফখরুল: আশা করছি সরকার আমাদের সহায়তা করবে। এরই মধ্যে নানা জায়গায় বিএনপি বাধার সম্মুখীন হয়েছে। তবে মূল কর্মসূচি কাল শুরু হচ্ছে। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করতে দেওয়া সরকারের দায়িত্ব। তবে সরকার বা সরকারদলীয়দের বাধার কারণে যদি কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়, তবে বিএনপি আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। সে ক্ষেত্রে যেকোনো ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে।প্রথম আলো: আপনাদের এক নেতা বলেছেন, খালেদা জিয়া অসুস্থ। এ অবস্থায় আন্দোলনের ভবিষ্যত্ নিয়ে কী ভাবছেন?মির্জা ফখরুল: দেখুন আমি মনে করি না, দেশনেত্রী অসুস্থ। তিনিই তো এই কর্মসূচি ঘোষণা করেছেন। আর জনসভায় কর্মসূচি ঘোষণা করতে গিয়ে ম্যাডাম তো বলেছেন, জীবনের এই প্রান্তে এসে তিনি আরেকবার ঝাঁপিয়ে পড়তে চান। তাই তিনি সবকিছুর জন্য প্রস্তুত হয়ে আছেন।