রোডমার্চের গাড়ির নম্বর নিয়েছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া লংমার্চ করছেন। এটা লংমার্চ নয়, ওটা হচ্ছে গাড়ির একটা শো ডাউন, কার র্যালি। তিনি ক্ষমতায় থাকতে কত টাকা কামাই করেছেন, তা প্রমাণ হয় ওই লংমার্চের গাড়িগুলো দেখলেই। প্রত্যেকটা গাড়ির নম্বর আমরা নিয়েছি। কারা কীভাবে কিনেছে, তা আমরা দেখব।’আজ বুধবার দুপুরে পাটগ্রাম সরকারি ডিগ্রি কলেজের মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সব থেকে দুঃখের বিষয়, উনি আমার ধর্ম নিয়ে কটাক্ষ করেন। আমার পূর্ব পুরুষের ইতিহাস আছে। আমি আমার চৌদ্দপুরুষের নামও বলতে পারি। আমি যদি বিরোধী দলের নেতাকে জিজ্ঞেস করি আপনার নানার নাম কী, তাঁর বাড়ি কোথায়? তিনি কি বলতে পারবেন? আমি যদি জিজ্ঞেস করি, জিয়াউর রহমানের বাপের কবর কোথায়, মায়ের কবর কোথায়? ওঁরা তা বলবেন না। জীবনে বোধহয় শোনেননি জিয়াউর রহমানের বাপের কথা। এই দেশের প্রতি তাঁদের কোনো ভালোবাসা নাই, দায়িত্ব নাই। তিনি এখন নেমেছেন যারা যুদ্ধাপরাধী, যারা রাজাকার, যারা মানুষ হত্যা করেছে, যারা খুনি—তাদের রক্ষা করার জন্য। তাঁদের আন্দোলন যুদ্ধাপরাধীদের রক্ষা করা, মানবতাবিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, জড়িত তাদের রক্ষা করা। যেভাবে তারা চেষ্টা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে রক্ষা করতে। এমনকি জনগণের ভোট চুরি করে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ওই খুনিদেরকে পার্লামেন্টে মেম্বার করেছিল।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কারণে বিশ্বব্যাংকের ঋণ স্থগিত করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ আগের সরকারের যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে। আমরা যখন বিশ্বব্যাংকের কাছে দুর্নীতির ডকুমেন্ট চেয়েছি, তখন তারা আমাদের দুটো ডকুমেন্ট দিয়েছে। ওই দুটি ডকুমেন্টে বিগত সরকারের আমলের দুর্নীতির কথা বলা হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘আমার প্রশ্ন, খুনিদের যে রক্ষা করতে চায়, রাজাকার আলবদরদের যে রক্ষা করতে চায়, মানবতাবিরোধীদের যারা রক্ষা করতে চায়, সে তো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। উনার ছেলেরা জনগণের টাকা চুরি করেছে, কালো টাকা সাদা করেছে, দুর্নীতি করে অর্থ বিদেশ পাচার করেছে। এখন ক্ষমতায় নাই। দুর্নীতি করে টাকা কামাই করতে পারছে না। এই আফসোসেই তিনি মরে যাচ্ছেন। আর আমরা যে জনগণের জন্য কাজ করছি, তা উনার ভালো লাগছে না।’আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ শান্তিতে আছে। মানুষ যখন শান্তিতে থাকে, তখনই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনে অশান্তির আগুন জ্বলে যায়। উনি ক্ষমতায় যাবেন, লুটে খাবেন। বিলাসবহুল জীবন যাপন করবেন। মানুষ কেন শান্তিতে থাকবেন?’