রোডমার্চের পর ফাইনাল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘রোডমার্চ কর্মসূচির পর সরকারের সঙ্গে ফাইনাল খেলা হবে। কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে বিদায় করতে হবে।’গতকাল বৃহস্পতিবার এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি ‘ফাইনাল খেলা’র জন্য প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের রহমতুল্লাহর নেতৃত্বে দলটির একাংশের নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগের নেতারা যা-ই বলুন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আগেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। ভবিষ্যতেও হবে।খালেদা জিয়া বলেন, ‘আমার জীবনে পাওয়ার কিছু নেই। তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। দেশের যেখান থেকেই নির্বাচন করেছি, জনগণ বিপুল ভোটে বিজয়ী করেছে। এখন শুধু একটি স্বাধীন-সার্বভৌম দেশ দেখে যেতে চাই। নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিয়ে যেতে চাই। তারা যেন সম্মানের সাথে বসবাস করতে পারে।’ বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে। আসলে তারা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি। এদের দিয়ে দেশের উন্নতি, মানুষের কল্যাণ ও গণতন্ত্র রক্ষা হবে না। তিনি অভিযোগ করেন, সংসদ, বিরোধী দল, মন্ত্রিসভা, নিজের দলের নেতা—কাউকে কিছু না জানিয়ে কেবল একজন ব্যক্তি ও তাঁর পরিবারের স্বার্থে বিদেশের সঙ্গে গোপন চুক্তি করা হয়েছে।খালেদা জিয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম ও তাসনিম আলমকে ডান্ডাবেড়ি পরানোর নিন্দা জানান। তিনি বলেন, তাঁরা যদি কোনো অপরাধ করেন, তবে শাস্তি দিন। কিন্তু তাঁদের ডান্ডাবেড়ি পরিয়ে আনার দরকার কী। যাঁরা এসব করছেন তাঁরা কি ভুলে গেছেন, এই দিন দিন নয়, আরও দিন আছে।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনজন আইজিপি, একজন জেনারেল, একজন ব্রিগেডিয়ারকে জেলে রাখা হয়েছে। যাঁরা এসব করছেন তাঁরা ভুলে যাবেন না, সময় বেশি নাই। একদিন আপনাদেরও এই অবস্থা হতে পারে। মিথ্যা মামলা কিংবা সাজানো মামলা দিয়ে নির্যাতন বন্ধ করতে হবে।’ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ জেলার পুলিশরা মানুষের ওপর অত্যাচার চালায়।আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ।