রোদ ঝলমলে দিনে কনকচূড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যৈষ্ঠ মাস এল। এবার গ্রীষ্ম ততটা রৌদ্র-তপ্ত নয়। শুরু থেকেই বেশ মৃদু-মোলায়েম তার মেজাজ। তেমন মুষলধারে না হলেও বৃষ্টিও হচ্ছে মাঝেমধ্যেই। সেই জলযোগে গাছগাছালির চেহারাও সতেজ, প্রাণবন্ত। মহানগরের পথের পাশ দিয়ে যেসব পথতরু ধূলাবালুতে তাদের সবুজ রং হারিয়ে মলিন-ক্লিশে হয়ে থাকে, বৃষ্টিস্নাত হয়ে ঝলমল করতে থাকে তাদের পত্রপল্লব। ফুলের বাহারও নজরকাড়া।এই মৌসুমে ঢাকা শহরের পথে পথে রঙের জেল্লা ছড়িয়ে দিচ্ছে প্রধানত কৃষ্ণচূড়া, জারুল আর কনকচূড়া। সবুজের পটভূমিতে লাল-বেগুনি-হলুদের সমারোহে বড়ই নয়নশোভন দৃশ্য। এর মধ্যে বিশ্ববিদ্যালয়, রমনা উদ্যান, এলিফ্যান্ট রোড (মিন্টো রোডের পাশে) এলাকার ওদিকটায় জারুলের সাক্ষাৎ মেলে বেশি; সংসদের ওদিকে কৃষ্ণচূড়া। এই দুটির পরিচিতিও বিপুল। সে তুলনায় কনকচূড়ার পরিচিতি কম, উপস্থিতিও। সংসদ ভবনের পূর্বপ্রান্তের দিকে কিছু আছে আর আছে মিন্টো রোড, হেয়ার রোড, অফিসার্স ক্লাব এলাকার পথের পাশ দিয়ে। গাছটি কৃষ্ণচূড়ার মতোই। তবে ফুল উজ্জ্বল কমলা রঙের; দূর থেকে দেখায় হলুদ। গাঢ় সবুজ নিবিড় সন্নিবেশিত পাতার ওপর হলুদ রঙের প্রলেপের মতো ফুলগুলোর প্রচুর প্রস্ফুটন রোদ ঝলমলে গ্রীষ্মের দিনে এই রুক্ষ শহরে লাবণ্যের পরশ বুলিয়ে দিয়েছে। আর ঝরে পড়া ফুলে গাছের তলার পথটিও কুসুমাস্তীর্ণ। যদিও অগণিত যানবাহনের চাকায় আর পথিকের পায়ে পিষ্ট হতে বিলম্ব ঘটে না মোটেই, তা সত্ত্বেও কালো পিচঢালা পথে বিন্দু বিন্দু হলুদের সন্নিবেশ চমৎকার দৃশ্যকল্প সৃষ্টি করে।কনকচূড়া আমাদের দেশের নিজস্ব গাছ নয়। এটি শ্রীলঙ্কা, আন্দামান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া—এসব এলাকার প্রজাতি। বৈজ্ঞানিক নাম peltophorum pterocarpum. গাছ মোটামুটি ২০ মিটারের মতো লম্বা হতে পারে। চারপাশে শাখা-প্রশাখা ছড়িয়ে দিয়ে বেড়ে ওঠে। পাতা যৌগিক। গাছ, পাতার আকৃতি কৃষ্ণচূড়াগাছের মতোই। কনকচূড়ারও শীতের শেষভাগে পাতা ঝরে যায়। গ্রীষ্মে নতুন কচি পাতা আর ফুলে ফুলে ভরে ওঠে। ফুলে পাপড়ির সংখ্যা পাঁচটি। পাপড়িগুলো কুঞ্চিত। ফুল ফোটে শাখার ডগার লম্বা মঞ্জরিতে। অজস্র প্রস্ফুটন। ফলে, দূর থেকে সবুজের ওপর স্বর্ণালির প্রলেপের মতো দ্যুতিময় দেখায়। ফুল সুরভিময়।কনকচূড়ার ফল শিমের মতো। কৃষ্ণচূড়ার ফলের মতো অতটা বিশালাকৃতির নয়। দুই থেকে ছয় সেন্টিমিটার লম্বা। রং তামাটে। ফুলের মতো ফলও প্রচুর। তামাটে রঙের পাতলা ফলগুলোর হাওয়ার ঝাপটায় দুলতে থাকার দৃশ্যও চমৎকার। কাঠের তেমন দারুমূল্য নেই। সবার সবকিছুই মূল্যবান হতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফুলের সৌন্দর্যের জন্যই কনকচূড়া প্রিয় হয়ে আছে বহুজনের কাছে।