রোনালদোর দিকে তাকিয়ে পর্তুগাল
এবার বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার পর্তুগাল। তবে গ্রুপ পর্যায়েই বড় ধরনের লড়াইয়ে নামতে হবে তাদেরকে। ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত ‘জি’ গ্রুপ থেকে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে উঠা অনেকটাই নিশ্চিত। ব্রাজিলের সঙ্গী হতে হলে পর্তুগালকে লড়তে হবে দুই শক্তিশালী দল—আইভরিকোস্ট ও উত্তর কোরিয়ার বিপক্ষে। তবে এই লড়াইয়ে পর্তুগিজদের উতরে দিতে পারেন এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।পর্তুগালের কোচ কার্লোস কুইরোজ রোনালদোর ওপর আস্থা রেখে বলছেন, ‘ক্রিস্টিয়ানোর মতো ফুটবলারের তুলনা হয় না। সে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।’ফিফা র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে আছে পর্তুগাল। বেশ কষ্টে বাছাইপর্বের বাধা অতিক্রম করে এসেছে তারা। তবে বাছাইপর্বের ফল দিয়ে পর্তুগালকে মূল্যায়ন করতে গেলে ভুল করবে প্রতিপক্ষ। রোনালদো ছাড়াও দলে আছেন ব্রাজিলের বংশদ্ভোত পেপে, ডেকো ও লিয়েডসন। এ চারজন মিলে অনেক কিছুই করে ফেলতে পারেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেও কাঁপিয়ে দিতে পারে পর্তুগাল।বিশ্বকাপে পর্তুগালের আক্রমণের কেন্দ্রভাগে থাকা রোনালদো প্রস্তুত। বাছাইপর্বে সেভাবে ঝলসে উঠতে পারেননি তিনি। তবে বিশ্বকাপে ঠিকই নিজের সেরাটা মেলে ধরবেন বলে জানিয়ে রেখেছেন তিনি। সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে রোনালদো বলেন, ‘আমি দলকে ভালো কিছু এনে দিতে পারিনি। আশা করছি, বিশ্বকাপে সেরা ফর্মে ফিরে দেশকে ভালো কিছু এনে দিতে পারব।’