রোববার উচ্ছেদ নোটিশের ওপর রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীর বুকে নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে দেওয়া হাইকোর্টের নোটিশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে সিটি গ্রুপ, আকিজ সিমেন্ট, স্ক্যান সিমেন্ট ও মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের করা আবেদনের ওপর আগামী রোববার আদেশ দেবেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে দুপক্ষের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন নির্ধারণ করেন। গত বছরের ২৬ জুন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচপিপি) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গা নদী রক্ষায় কয়েকদফা নির্দেশনা দিয়ে রায় দেন। এই নির্দেশনার আলোকে এ বছরের ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ চারটি প্রতিষ্ঠানকে শীতলক্ষ্যা নদীর বুক থেকে স্থাপনা সরাতে নির্দেশ দেন। এ নোটিশের কার্যকারিতা স্থগিতের জন্য ও মূল রিট আবেদনে পক্ষভুক্তির জন্য প্রতিষ্ঠানগুলো হাইকোর্টে আবেদন করে। এসব আবেদনের ওপর আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শুনানি হয়। শুনানিতে প্রতিষ্ঠানগুলোর আইনজীবী বলেন, বিআইডব্লিউটিএ থেকে লাইসেন্স নিয়ে জেটি স্থাপন করা হয়েছে। সুতরাং এটি উচ্ছেদযোগ্য নয়। হাইকোর্টের নির্দেশনায় সব স্থাপনা উচ্ছেদের কথা বলা হলেও ভুলবশত অবৈধ স্থাপনার কথা বলা হয়নি। এ কারণে প্রদত্ত নোটিশটি বেআইনি। মূল আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে বলেন, ১৫ মার্চ সরেজমিন শীতলক্ষ্যা নদী পরিদর্শন করা হয়েছে। ওখানে ফ্রান্সের একটি কোম্পানি লাফার্জ সিমেন্ট ভাসমান জেটি স্থাপন করেছে। অন্যান্য কোম্পানিগুলো নদীর অভ্যন্তরে জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরি করে নদীর গতিপথে বাধা তৈরি করছে। নদীর বর্তমান অবস্থা বিবেচনা করে আদালত রায় দেন। সে জন্য অবৈধ কথাটি উল্লেখ করা হয়নি। কারণ জরিপের মাধ্যমে নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে। তাই হাইকোর্টের রায়ের আলোকে নদীর অভ্যন্তরে নির্মিত সব স্থাপনাই উচ্ছেদযোগ্য। আদালতে প্রতিষ্ঠান চারটির প্রতিনিধিত্ব করেন আবদুল বাসেত মজুমদার, রোকনউদ্দৌলা মাহমুদ, রফিকুল হক ও মাহমুদুল ইসলাম।