রোববার চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রামে অর্ধদিবস হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের এক সমাবেশে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী এ হরতালের ঘোষণা দেন। রোববার সকাল থেকে এ হরতাল পালন করা হবে। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।পরে আমির খসরুর নেতৃত্ব্বে পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। এটি জুবলী রোড, নিউমার্কেট হয়ে স্টেশন রোডের গোল চক্করে শেষ হয়। সেখানে আমির খসরু হরতাল সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। শোভাযাত্রাটি হরতালের সমর্থনের কার্যত বিক্ষোভ মিছিলে পরিণত হয়। এতে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গ মিছিলের একটি অংশ থেকে সাকার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।