সরকার আগামী রোববার বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিলে এর প্রতিবাদে হরতাল ডাকার হুমকি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার সবাইকে বিএনপির মুক্তাঙ্গনের সভায় যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছেন।আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এ রকম কঠোর কর্মসূচি দিতে চাই না। তবে সরকার যেভাবে আমাদের গণতান্ত্রিক-সাংবিধানিক আন্দোলন কর্মসূচিতে বাধা দিচ্ছে, তাতে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।’সংসদে উত্থাপিত হরতালবিরোধী বিলকে অগণতান্ত্রিক ও জনগণের মৌলিক অধিকার পরিপন্থী বলে আখ্যা দেন বিএনপির এ নেতা। তিনি বলেন, এ সরকার গায়ের জোরে যেকোনো কিছু করতে পারে। তবে এ কাজটা সহজ হবে না। জনগণ এটি মেনে নেবে না। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার যদি রোববার তাঁদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়, তাহলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।আটক নেতা-কর্মীদের মুক্তিসহ নানা দাবিতে আগামী রোববার বিএনপি পল্টন ময়দানে গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ বিএনপিকে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেয়নি। আজ শুক্রবার ও আগামী শনিবার ছুটির দিন থাকায় বিএনপি ধারণা করে যে সরকার তাদেরকে ময়দান ব্যবহার করতে দেবে না। এ কারণে গত বৃহস্পতিবার বিএনপি কর্মসূচি পরিবর্তন করে বিক্ষোভের ঘোষণা দেয়।