রোববার সকাল থেকে বিএনপি-জামায়াতের টানা ৩৬ ঘণ্টার হরতাল
বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রোববার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। আজ শুক্রবার দুই দলের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।আজ বেলা পৌনে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দুই দিন যেসব স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) হওয়ার কথা আছে সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি। একতরফাভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-বিদ্যুত্-পানির তীব্র সংকট, শেয়ারবাজার ধ্বংস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে বিএনপি এই হরতাল ডেকেছে। একই ইস্যুতে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। আজ বেলা সাড়ে ১১টায় দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেওয়া হয়। বিএনপি ও জামায়াত নেতারা জানিয়েছেন, দলগুলো হরতাল জোটগতভাবে পালন করবে না। যুগপত্ আন্দোলনের অংশ হিসেবে জোটের শরিকেরা নিজ নিজ অবস্থানে থেকে হরতাল পালন করবে। ওলামা মাশায়েখ পরিষদ আজ বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ শেষে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া দুপুরে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী দলের লালবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।