রোববার সারা দেশে ১৮ দলের হরতাল (ভিডিও)
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ ঘোষণা দেন।বিএনপির এই নেতা বলেন, আজ বেলা তিনটায় ১৮ দলের সমাবেশ হওয়ার কথা ছিল। তবে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। সরকারের ‘অগণতান্ত্রিক’ কার্যকলাপের প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ১৯ মে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।নির্দলীয় সরকারের বিষয়ে ক্ষমতাসীনদের অবস্থান পরিষ্কার করতে বেঁধে দেওয়া জোটের ৪৮ ঘণ্টা সময় প্রত্যাখ্যানের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দল আজ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের অনুমতি না পাওয়ায় আজও সমাবেশ করতে পারেনি ১৮ দল। এর আগে গত সোমবার এই সমাবেশ করার কথা ছিল। সেদিনও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এরপর সময় পরিবর্তন করে আজ বুধবার সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল। সমাবেশ করতে না দেওয়ার সমালোচনা করে সংবাদ সম্মেলনে শামসুজ্জামান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ও রাজবন্দীদের মুক্তির দাবিতে এবং হেফাজতের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছিলাম। একবার তারা ১৪৪ ধারা জারি করার মতো পরিস্থিতি তৈরি করে। আর এবার নিরাপত্তার কথা বলে টিভিতে বিজ্ঞপ্তি দেওয়া হলো।’তিনি প্রশ্ন রাখেন, ‘এই নিরাপত্তা কার? গণতন্ত্রের? দেশের, না সরকারের?’বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ‘সাবজেল’ ঘোষণা করা হয়েছে কি না, বিএনপি নিষিদ্ধ কোনো দল কি না, তা-ও তিনি সরকারের কাছে জানতে চান।শামসুজ্জামান অভিযোগ করেন, মনে হচ্ছে দেশে চতুর্থ সংশোধনী বর্তমান। গণতন্ত্র নয়, প্রভুত্ব কায়েম করা হচ্ছে।প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত দিয়ে শামসুজ্জামান বলেন, ‘একজন ব্যক্তির কথা বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সংকটটি সেই জায়গায়। তিনি পদত্যাগ করলে আমাদের আর হরতাল, অবরোধ—এ সবকিছু করা লাগবে না। একজন যদি না থাকেন, তাঁর অনুপস্থিতিতে কোনো সমস্যা, সংঘাত থাকবে না।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল এসেছিল। এতে বিএনপি আশার আলো দেখেছিল। বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব সংলাপের মাধ্যমে সংকট সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু এখন সরকারকে স্পষ্ট করে বলতে হবে, সরকার আলোচনা চায় কি না।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।