রোববার-সোমবার হরতাল দিতে পারে বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও দুই দিনের হরতাল ডাকতে যাচ্ছে বিএনপি-জামায়াত। দল দুটি আগামী রবি ও সোমবার টানা হরতাল দিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সরকারি উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াত আজকালের মধ্যে পৃথকভাবে যুগপৎ হরতাল কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।সূত্র জানায়, মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় হরতালের সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির বৈঠকের পরপর বিএনপি একই রাতে জামায়াতে ইসলামীর সঙ্গে হরতাল কর্মসূচি নিয়ে বৈঠক করে।তবে বিএনপি ও জামায়াতের কোনো নেতা এই বিষয়ে কথা বলতে রাজি হননি। আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগ পর্যন্ত কর্মসূচির ব্যাপারে গোপনীয়তা রক্ষার সিদ্ধান্ত হয়েছে বলে দল দুটির একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন। গত রাতে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, স্থায়ী কমিটিতে হরতাল, লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে চারদলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দলীয় চেয়ারপারসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে বিএনপির অপর একটি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার রায় হওয়ার ধার্য তারিখ রয়েছে। রায় দেখে আজ বিকেলে বিক্ষোভ সমাবেশে অথবা কাল শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।এমনিতে ‘শেয়ারবাজারের লুটপাটের’ প্রতিবাদে আজ ঢাকা ও চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি রয়েছে। এদিকে বিএনপি-জামায়াতের সম্ভাব্য হরতাল কর্মসূচির কারণে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি তাদের পূর্বঘোষিত ২৬ জুনের সমাবেশ স্থগিত করেছে। গতকাল বিকেলে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানায়।‘সরকার নারীনীতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে’ অভিযোগ করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী ২৬ জুন জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ডেকেছিলেন। কর্মসূচি স্থগিত করার কারণ জানতে চাইলে ফজলুল হক আমিনী প্রথম আলোকে বলেন, ‘রোববারে তো হরতাল। এ জন্য স্থগিত করা হয়েছে।’ হরতাল নিশ্চিত কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তো বলল, হরতাল হবে।’এর আগে বিএনপি-জামায়াত যুগপৎভাবে গত ৫ জুন সকাল-সন্ধ্যা এবং ১২ ও ১৩ জুন টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে।