রোববারের এইচএসসি পরীক্ষা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ বুদ্ধপূর্ণিমার সাধারণ ছুটি ৬ মে রোববার। ছুটির কারণে ওই দিন সারা দেশে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ওই দিনের পরীক্ষা ১১ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে আজ বুধবার প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।পূর্ব ঘোষণা অনুযায়ী শুভ বুদ্ধপূর্ণিমার ছুটি ৪ জুন হওয়ার কথা ছিল। কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের চিঠি ও বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুরোধে ছুটি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তথ্য বিবরণী দিয়েও ছুটি এগিয়ে আনার কথা জানানো হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ জুন এই ছুটি ঘোষণা করা হলেও গণনা করে দেখা যায়, এবার বুদ্ধপূর্ণিমা আগে হবে। এ জন্য তাঁরা (বৌদ্ধসম্প্রদায়) ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ করেন। সে জন্য ছুটি এগিয়ে আনা হয়েছে।ছুটির বিষয়টি জানিয়ে তথ্য বিবরণীতে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।