রোববারের হরতাল কর্মসূচি প্রত্যাহার হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতি সংশোধনের দাবিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ডাকা আগামী রোববারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হতে পারে। পরিষদ এরই মধ্যে দুই দফা সরকারের সঙ্গে আলোচনা করেছে। এসব আলোচনায় উভয় পক্ষ সমঝোতায় আসতে চাইছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পরবর্তী অবস্থা জানাবে পরিষদ।ওলামা মাশায়েখ পরিষদের নেতারা জানান, গতকাল বুধবার পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হরতাল ডাকার কারণ ব্যাখ্যা করেন পরিষদের নেতারা। এইচ টি ইমাম পরিষদের নেতাদের তাঁদের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান।বৈঠকের ফলাফল সম্পর্কে জানতে চাইলে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘এইচ টি ইমাম সাহেব জানতে চেয়েছেন কেন আমরা হরতাল ডাকলাম। তিনি বলেছেন, আমাদের কথাগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন।’হরতাল প্রত্যাহারের কোনো সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে মাওলানা নেজামী বলেন, ‘যখন হরতাল ডাকা হয়েছিল, তখনই বলা হয়েছিল ২৫ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ২৬ ডিসেম্বর হরতাল। এখন সরকার যদি দাবি মেনে নেওয়ার কথা বলে, তাহলে তো আর হরতাল করার দরকার নাই।’পরিষদের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী প্রথম আলোকে বলেন, ‘হরতাল প্রত্যাহারের বিষয়ে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে আমরা এইচ টি ইমাম সাহেবকে সব বলেছি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আজ (গতকাল) ঢাকার বাইরে আছেন। ঢাকায় ফিরলে আগামীকাল (আজ) সকালে তাঁর সঙ্গে কথা বলে আমাদের সিদ্ধান্ত জানাবেন। এরপর আমাদের বক্তব্য আমরা আপনাদের জানাব। বক্তব্য জানাতে কাল (আজ) সংবাদ সম্মেলন করা হতে পারে।’এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, ‘আলোচনার দরজা খোলা রাখা সবার জন্যই ভালো। পরিষদের নেতারা তাঁদের কথা বলেছেন, আমরাও আমাদের যুক্তি তুলে ধরেছি।’ হরতাল প্রত্যাহারের বিষয়ে পরিষদের নেতারা কিছু জানিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা প্রত্যাহার করলেও করতে পারেন।এর আগে গত সপ্তাহে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মাওলানা মুহিউদ্দীন খানসহ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিমন্ত্রী হরতাল প্রত্যাহারে ওলামাদের অনুরোধ করেন বলে জানান মাওলানা আবদুল লতিফ নেজামী।সূত্র জানায়, হরতাল ঘোষণা করলেও তার পক্ষে বিএনপি ছাড়া অন্য দলগুলোর খুব একটা সমর্থন জোগাড় করতে পারেনি পরিষদ। আর বিএনপি সমর্থন দিলেও দলের নেতা-কর্মীরা এর পক্ষে মাঠে নামবেন—এমনটা আশাই করতে পারছেন না পরিষদের নেতারা। ফলে হরতাল পালন করা কতটুকু সম্ভব হবে, সে বিষয়ে সন্দিহান ওলামা মাশায়েখ পরিষদের নেতারা। ৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল ডেকেছিল পরিষদ। পরে এই হরতালে বিএনপি সমর্থন দেওয়ার কথা জানায়। কিন্তু ওলামা মাশায়েখ পরিষদের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার কারণে ধর্মভিত্তিক অনেক দল এই হরতালে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে। ধর্মভিত্তিক অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের আদর্শিক বিরোধ আছে। তার ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের সময় জামায়াতের সঙ্গে কর্মসূচি পালন করতে রাজি নয় অনেক দল। অন্য দল তো দূরের কথা, মাওলানা নেজামীর নিজ দল ইসলামী ঐক্যজোটও হরতালে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। দলের একজন শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে বলেন, ‘হরতাল ডাকলে তা পালনের জন্য যা যা প্রয়োজন তা করতে হয়। কিন্তু যার বিরুদ্ধে হরতাল ডাকা হয়, তার সঙ্গে আলোচনা হয় কখনো শুনেছেন? এ রকম না হলে আমরা সক্রিয়ভাবে হরতালের পক্ষে মাঠে নামতাম। কিন্তু আমরা এখন আর বিষয়টি নিয়ে ভাবছি না।’এ বিষয়ে জানতে চাইলে মাওলানা নেজামী বলেন, হরতাল হলে সমর্থন দেবেন।ধর্মভিত্তিক দলগুলোর বিভিন্ন সূত্র জানিয়েছে, এই পরিষদে বিভিন্ন দলের লোক থাকলেও পরিষদ গঠনের মূলে রয়েছে জামায়াতে ইসলামী। গত জুন মাসের শুরুর দিকে ‘কোরআন ও নবীর সম্মান সংরক্ষণে লিয়াজোঁ কমিটি’ নামে একটি পরিষদ যাত্রা শুরু করে। খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমদউল্লাহ্ আশরাফকে এর সভাপতি করা হয়। গত ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গ্রেপ্তারের পর দৈনিক সংগ্রাম-এ কমিটির পক্ষ থেকে তাঁদের মুক্তির দাবিতে বিবৃতি পাঠানো হয়। কিন্তু কমিটির সভাপতি বিবৃতির বিষয়ে জানতেন না। এরপর আহমদউল্লাহ্ আশরাফ কমিটি ভেঙে দেন। খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান প্রথম আলোকে বলেন, ‘সংগ্রাম পত্রিকায় ওই সংবাদ আসার পর আহমদউল্লাহ্ আশরাফ কমিটি ভেঙে দেন। আমরা মনে করেছিলাম, এই সংবাদ আসার পর আমরা কলুষিত হয়ে যাব। এ কারণে আমরা সরে গেলাম। পরে মাওলানা মুহিউদ্দীন খানকে সভাপতি করে গঠিত কমিটির নাম রাখা হয় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ।’পরিষদের নেতৃত্বে বিভিন্ন দলের নেতারা থাকলেও কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের অধিকাংশই ছিলেন জামায়াত ও এর ছাত্র সংগঠনের নেতা-কর্মী। তাঁদের অনেকেই মুখচেনা। এ অবস্থায় পরিষদের প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে যায় অনেকের কাছেই।এসব কারণে হরতাল ডেকে এর সমর্থনে ধর্মভিত্তিক অন্য দল বা সংগঠনের সমর্থন আদায় করতে ব্যর্থ হয় পরিষদ।এদিকে এখন হরতাল হলে জামায়াতের ভূমিকা কী হবে, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি তারা। তবে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য বলেন, দলের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে পারেন। তবে দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। এই সংগঠনের কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মীরাই বেশি থাকেন। তাহলে হরতালের বিষয়ে জামায়াত প্রকাশ্য সমর্থন দেয়নি কেন—জানতে চাইলে ওই নেতা বলেন, ‘তারা (পরিষদ) জামায়াতের কাছে আসেনি। এলে কর্মীদের নির্দেশনা দেওয়া হতো।’