রোববারের হরতাল নিয়ে সমঝোতার উদ্যোগ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতি সংশোধনের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের ডাকা আগামী রোববারের হরতাল কর্মসূচি নিয়ে সরকার ও পরিষদের মধ্যে সমঝোতার উদ্যোগ এখনো চলছে। সূত্র জানায়, সরকার যদি পরিষদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেয়, তাহলে তারা হরতাল প্রত্যাহারের ঘোষণা দিতে পারে। সূত্র জানায়, পরিষদের একাংশের নেতারা হরতাল প্রত্যাহার করে সরকারের সঙ্গে সমঝোতা করার পক্ষে। আজ শুক্রবার বিকেলে পরিষদের নেতারা বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন, তবে হরতাল প্রত্যহারের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি পরিষদের নেতারা। জানতে চাইলে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘পক্ষে-বিপক্ষে নানা মত এসেছে। আমরা সেগুলোকে এক করার চেষ্টা করছি।’ সরকারের সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠক হচ্ছে। আশা করি একটি সমাধানে পৌঁছাতে পারব।’ আর তো মাত্র এক দিন আছে। কবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষার আগের রাতেই তো পড়াশোনা বেশি হয়।’ এদিকে আজ রাতে প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে আবারও বৈঠকে বসেন পরিষদের নেতারা। এ নিয়ে চার দিনে তিন দফা বৈঠক হলো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।