রোববারের হরতাল স্থগিত, সরকারের সঙ্গে সমঝোতা
শিক্ষানীতি সংশোধনের দাবিতে কাল রোববারের হরতাল কর্মসূচি স্থগিত করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। গত রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে বৈঠকে পরিষদের নেতারা এই সিদ্ধান্ত নেন। আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে পরিষদ আনুষ্ঠানিকভাবে হরতাল স্থগিতের কথা জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গতকাল শুক্রবার রাতে হেয়ার রোডে এইচ টি ইমামের বাসায় তাঁর সঙ্গে বৈঠকে ওলামা মাশায়েখ পরিষদের পক্ষে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার, খলিলুর রহমান মাদানী, মমতাজ চৌধুরীসহ চারজন। এ ছাড়া ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপদেষ্টা শেখ মো. আবদুল্লাহ।রাতে যোগাযোগ করা হলে ওলামা মাশায়েখ পরিষদের অন্যতম শীর্ষনেতা ও আইম্মাহ্ পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে, তাঁরা রোববারের হরতাল কর্মসূচি স্থগিত করছেন।পরে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, ওলামা মাশায়েখ পরিষদ হরতাল প্রত্যাহার করতে সম্মত হয়েছে। শনিবার (আজ) সংবাদ সম্মেলন করে তারা এই সিদ্ধান্ত জানাবে।সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, বৈঠকে পরিষদের নেতারা শিক্ষানীতির কয়েকটি ধারা সংশোধন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মো. আফজালকে অপসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সরকারপক্ষ দাবি বিবেচনার আশ্বাস দিলে পরিষদের নেতারা হরতাল স্থগিত রাখার বিষয়ে রাজি হন।জানতে চাইলে আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপদেষ্টা শেখ মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘তাঁরা (পরিষদ নেতারা) তাঁদের দাবি পেশ করেছেন। আমরা বলেছি, আলোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধান করা হবে। তাঁরাও বিষয়টি মেনে নিয়েছেন।’শিক্ষানীতি সংশোধনসহ বিভিন্ন দাবিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ গত ৮ ডিসেম্বর হরতাল কর্মসূচি ঘোষণা করে। পরদিন প্রধান বিরোধী দল বিএনপি এবং গতকাল জামায়াতে ইসলামী এই কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করে। তবে ধর্মভিত্তিক অন্য কোনো রাজনৈতিক দল এই হরতাল কর্মসূচির প্রতি সমর্থন দেয়নি।তবে হরতাল কর্মসূচি ঘোষণার পর প্রথমে স্থানীয় সরকারমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ওলামা মাশায়েখ পরিষদের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন। পরিষদের নেতারা তখন তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি দাবি করেন। সরকার বিবৃতি দিলে হরতাল প্রত্যাহারের বিষয়টি ভাবা হবে বলেও তাঁরা এর আগে বলেছিলেন। এ নিয়ে পরিষদের নেতারা এইচ টি ইমামের সঙ্গে গত চার দিনে তিন দফা বৈঠক করেন। সর্বশেষ গতরাতের বৈঠকে সমঝোতা হয়। এইচ টি ইমামের সঙ্গে এই বৈঠকের আগে গতকাল বিকেলে পরিষদের নেতারা নিজেদের মধ্যে আলোচনা করেন। পরিষদের নেতাদের একটি সূত্র জানায়, এই আলোচনায় পরিষদের নেতাদের একাংশ হরতাল প্রত্যাহার করে সরকারের সঙ্গে সমঝোতা করার পক্ষে মত দেন। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘পক্ষে-বিপক্ষে নানা মত এসেছে। আমরা সেগুলোকে এক করার চেষ্টা করছি।’ এদিকে সরকারের সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চললেও হরতালের সমর্থনে ওলামা মাশায়েখ পরিষদ গতকাল জুমার নামাজের পর রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করে। সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়।