রোববারের হরতালে উল্টো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল দেওয়ার মতো একটি ‘ভুল’ সিদ্ধান্তের কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেননি। হরতাল ডাকার পরিণাম সম্পর্কে অবহিত না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলের নেতারা।তবে বৈঠক না হওয়ার জন্য কেবল হরতালকেই দায়ী করছেন না নেতারা। বিএনপির সঙ্গে কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানগত পার্থক্যের কারণেও এই বৈঠক করার ব্যাপারে শারমেনের আগ্রহ কম ছিল বলে তাঁরা মনে করেন। বিএনপির নেতারা বলেছেন, ২৬ মে রোববারের ডাকা হরতাল বিএনপির জন্য ‘বুমেরাং’ হয়েছে। দলটি চেয়েছিল হরতাল দিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ, তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী নেতা-কর্মীদের আটক করে রাখার মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য পূরণ হয়নি। তা ছাড়া ১৮ দলের শরিকদের সঙ্গে কথা না বলেই রোববার হরতাল দেওয়ার কেন এত প্রয়োজন পড়ল, তা নিয়েও জোটে প্রশ্ন উঠেছে। হরতাল দেওয়ার এমন পরিণামের পরও বিএনপি আবার আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে এই হরতাল দিয়েছে। জানা গেছে, আগামী রোববার একই দাবিতে হরতাল দেওয়ার একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়ে আছে। গতকাল আরও হরতালের ইঙ্গিত দিয়ে বিএনপির মুখপাত্র শামসুজ্জামান বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে আরও হরতাল দেওয়া হবে। বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও ধর্মভিত্তিক কয়েকটি দল এবং সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনগুলো এ বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশব্যাপী ৩২ দিন হরতাল দিয়েছে। এই সময়ে স্থানীয়ভাবেও ২৯ দিন হরতাল হয়।বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, অন্তত দুটি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে তাদের দলের অবস্থানগত পার্থক্য আছে। একটি হলো খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে। অন্যটি হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে বিএনপির সমর্থন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হরতাল হলে বৈঠক হবে না, এমনটা তাঁরা ভাবেননি। একটি ভুল বোঝাবুঝির কারণে বৈঠক হয়নি। এটা দুঃখজনক। বিএনপি এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিল না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁদের দলের গভীর সম্পর্ক আছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে। শারমেনের সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে খালেদা জিয়ার এই সফর নিয়ে কথা হয়েছিল। এ ছাড়া আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির ভবিষ্যৎ প্রধান হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটি নেতিবাচক অবস্থান আছে। দলের পরবর্তী নেতা হিসেবে তারেক দায়িত্বভার নেবেন বলেও সম্প্রতি একটি বৈঠকে খালেদা জিয়া মজীনাকে জানিয়েছেন। এ ছাড়া তারেক দেশে ফেরার পর সরকার যেন তাঁকে কোনো ধরনের হয়রানি না করে, সে ব্যাপারে সরকারকে অনুরোধ করতে খালেদা জিয়া সম্প্রতি জার্মানি ও কানাডার প্রতি অনুরোধ জানিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশে জঙ্গি উত্থানের জন্য তারেক অনেকাংশে দায়ী। দ্বিতীয়ত, হেফাজতে ইসলামের কর্মসূচিতে সমর্থন দেওয়ার কারণ হিসেবে বিএনপির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি যুক্তরাষ্ট্র। জামায়াতের সহিংসতায় সমর্থন দেওয়াকে একইভাবে দেখছে যুক্তরাষ্ট্র। হেফাজতের দাবির ব্যাপারে সমর্থন না থাকলেও তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে কী কারণে সমর্থন থাকতে পারে, বিএনপির ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র তা বুঝতে পারেনি। যুক্তরাষ্ট্র হেফাজতকে একধরনের জঙ্গি উত্থান বলে মনে করছে বলে বিএনপির এক নেতা জানিয়েছেন। বিএনপির একজন উপদেষ্টা বলেছেন, তারেকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাব এখনো বিদ্যমান। এর পেছনে তারেকের ‘দুর্নীতি’ ও ‘জঙ্গিদের মদদ’ দেওয়ার অভিযোগকেই দায়ী করে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেছেন, তারেক দলের প্রধান হলে বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ভালো না হওয়াটা এখন দলের দায়িত্বশীল মহলের কাছে পরিষ্কার। কিন্তু দলের হাল ধরতে তারেকের বিকল্প কেউ নেই বলে বিএনপির পক্ষে অবস্থান পরিবর্তন করা সম্ভব নয় বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন তাঁরা। এদিকে, শারমেন সাক্ষাৎ না করার বিষয়টি দলের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের শরিকেরা ভুগছেন দ্বিধাদ্বন্দ্বে। জোটের নেতারা মনে করছেন, এ ঘটনার প্রভাব তাঁদের জন্য ভালো হবে না। প্রতিবেশী ভারতের সঙ্গে খারাপ সম্পর্কের পর যুক্তরাষ্ট্র বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিলে সরকার পতনের আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়বে। বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখেন এমন কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শারমেনের সফরকালে হরতাল বা এ ধরনের সহিংস কর্মসূচি না দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরকালে একই অনুরোধ জানিয়েছিল দূতাবাস। সে সময় বিএনপি তা মেনেও নেয়। কিন্তু এবার বিএনপি শারমেনের ঢাকায় আসার দিন হরতাল দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের অনুরোধ না রাখাকে ‘অসৌজন্যমূলক’ মনে করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, এর ফলে বিএনপি ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।শারমেনের সঙ্গে বৈঠক না হওয়ায় বিএনপি ও জোটে চলছে দোষারোপ-পাল্টা দোষারোপের ঘটনা। কূটনীতিকদের সঙ্গে যেসব নেতা যোগাযোগ রাখেন, তাঁদের ওপরই দলের একটি অংশের নেতাদের ক্ষোভ। নয়াপল্টনে বিএনপির এক নেতা বলেন, ‘আমরা জেল খাটি। আর তারা গুলশানে এসি রুমে থাকে। তার পরও সব যোগাযোগ রাখতে পারে না।’ তবে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করেন এমন নেতারা অবশ্য ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ না করার উদাহরণ টেনে আত্মতৃপ্তি লাভের চেষ্টা করছেন।