রোম থেকে শুটিংয়ে প্যারিসে
ইতালির রোম প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে বৈশাখী মেলায় অংশ নিতে ১৩ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। রোমের সব আনুষ্ঠানিকতা শেষে ২৩ এপ্রিল প্যারিসের উদ্দেশে রওনা করবেন তিনি। উদ্দেশ্য, এক ঘণ্টার একটি নাটকের শুটিং করা। আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে রোম থেকে এ কথা জানিয়েছেন ফজলুর রহমান বাবু।ফজলুর রহমান বাবু বলেন, ‘এই সফরে রোমে আমাদের দলে আরও আছেন চিত্রনায়িকা শাহনুর, কণ্ঠশিল্পী স্বীকৃতি, আশরাফ বাবু ও নৃত্যাঞ্চলের চারজনের একদল নৃত্যশিল্পী। আজই এখানকার মেলা শেষ হবে। এখানকার সবকিছু ভালো। বেশ সুন্দরভাবেই আমরা অনুষ্ঠানগুলো করেছি। তবে বেশ ঠান্ডা। এটাতে কিছুটা সমস্যা হচ্ছে এই আর কি।’ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘আজ থেকে ২০ বছর আগে ইতালির রোমে এসেছিলাম বাঙলা থিয়েটারের হয়ে একটি মঞ্চ নাটকে অভিনয় করতে। মামুনুর রশীদের পরিচালিত নাটকটির নাম ছিল মানুষ। ২০ বছর পর এবার এসেছি প্রবাসী বাঙালিদের আয়োজিত বৈশাখী মেলায় অংশ নিতে।’২৬ এপ্রিল ফজলুর রহমান বাবু ছাড়া বাকি সদস্যরা দেশে ফিরবেন।এদিকে নাটকের শুটিং সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, ‘দেশে থাকা অবস্থায় প্যারিস থেকে আমার সঙ্গে একটি নাটকে অভিনয়ের ব্যাপারে যোগাযোগ করা হয়। মৌখিকভাবে আমি তাঁদের হ্যাঁ করেছি। তবে এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি। ২৩ তারিখে যাওয়ার পরই সবকিছু জানতে পারব।’ফজলুর রহমান বাবু বর্তমানে গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় নির্মিত নতুন ধারাবাহিক ‘রোদ’-এর কাজ করছেন। জানালেন, ফিরে এসেই শুরু করবেন সাইদুল আনাম টুটুলের পরিচালনায় নতুন একটি ধারাবাহিকের কাজ।