রোম সনদ অনুসমর্থন করায় বাংলাদেশকে ইইউর অভিনন্দন
আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদ অনুসমর্থন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ মনে করে, বাংলাদেশের এ পদক্ষেপ আদালতের কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ঢাকায় ইইউর এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার বলা হয়েছে, ইইউর আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিমালাবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি ও সংস্থার সহ-সভাপতি ক্যাথরিন অ্যাস্টন ২৬ মার্চ ব্রাসেলস থেকে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। প্রেস্টন বলেন, ‘গত ২৩ মার্চ বাংলাদেশ রোম সনদে অনুসমর্থন করায় আমি উষ্ণ অভিনন্দন জানাই। এর ফলে এ সনদে সমর্থনকারী দেশের সংখ্যা বেড়ে ১১১ হলো, যা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বিশ্বসম্প্রদায়ের প্রয়াসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশের এ পদক্ষেপ এশিয়ার অন্য দেশগুলোকেও সনদটি অনুসমর্থনে উজ্জীবিত করবে।