কুয়াশায় ঢাকা সকাল। সূর্যের দেখা নেই। কনকনে বাতাস শীতকে আরও তীব্র করে তুলেছে। দায় না পড়লে এই হিমের মধ্যে কে আর বাইরে পা দেয়? কিন্তু ওদের কথা আলাদা। গণিত উত্সবের রোমাঞ্চকর হাতছানি উদ্বেল করে তোলে ওদের। এভাবে গতকাল মঙ্গলবার সকালে খুদে গণিতবিদদের সরব পদচারণে মুখর হয়ে ওঠে সিলেট নগরের মিরের ময়দান এলাকার ঐতিহ্যবাহী ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ চত্বর। বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সেখানে অনুষ্ঠিত হয় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সবের সিলেট অঞ্চলের উত্সব। এই আঞ্চলিক উত্সবে অংশ নিতে সিলেট বিভাগের চার জেলা মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট থেকে এবার সর্বোচ্চসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী নাম নিবন্ধন করে। ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮৩৭ জন শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে অংশ নেয়। সঙ্গে তাদের অভিভাবকেরাও ছিলেন। সকাল সাড়ে নয়টায় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উত্সব শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ সিদ্দিক ও ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেগম সুলতানা। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উত্সব উদ্বোধন করেন অতিথিরা। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেন, ‘গণিতের মধ্য দিয়ে তোমরা আগামীতে সারা বিশ্ব জয় করবে—এ প্রত্যাশা আমাদের তৈরি হয়েছে এ ধরনের উত্সব দেখে।’ আবু আহমেদ সিদ্দিক বলেন, ‘বছরজুড়ে হাজারো ব্যস্ততার মধ্যে আমি একটি মাত্র দিনের জন্য অপেক্ষা করি। তা হচ্ছে গণিত উত্সব।’ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেগম সুলতানা বলেন, ‘গণিতকে তোমরা জয় করেছ, এ বিষয়টাকে আর ভয় পাও না—এর চেয়ে তোমাদের আর বড় প্রাপ্য কী আছে?’ সকাল ১০টায় শুরু হয় সোয়া ঘণ্টার গণিত মূল্যায়ন পরীক্ষা। পরীক্ষার খাতা মূল্যায়নের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে চলে শিক্ষার্থীদের গান পরিবেশন এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। দুপুর ১২টায় ‘আয় আয় গণিতের আঙিনায়’ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উত্সবের মূল পর্ব। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক গণিতবিদ খোদাদাদ খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার দাস, গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার, আনোয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক শামছুন্নাহার বেগম, সুজয় চক্রবর্তী, সহকারী অধ্যাপক ফারজানা হোসেন, চন্দ্রানী নাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবু আউয়াল মোহাম্মদ সুয়েব ও প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ। এ পর্বে আকর্ষণীয় ও ব্যতিক্রমী প্রশ্ন করে অনেক শিক্ষার্থী বই পুরস্কার পায়। প্রশ্নোত্তর পর্ব শেষে আবার শুরু হয় বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান। এরপর শুরু হয় ‘এক মিনিট’ পর্ব, যাতে বক্তারা এক মিনিট শুভেচ্ছা বক্তব্য দেন। এতে খোদাদাদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই এই দেশের মুখ উজ্জ্বল করবে এবং দেশও তোমাদের কাছ থেকে অনেক কিছু পাবে—এ প্রত্যাশা রইল।’ সুশান্ত কুমার দাস বলেন, ‘তরুণদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।’ সাজ্জাদ শরিফ বলেন, ‘তোমরা অবশ্যই এককভাবে প্রতিযোগিতা করবে ও অন্যের সঙ্গে লড়বে। তবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে পথ চলতে হবে একসাথে।’ পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। সঞ্চালক বিভিন্ন পর্বের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের মিথ্যা, মাদক ও মুখস্থকে ‘না’ বলার শপথ করান। উত্সবে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শ্রেণী পর্যন্ত চারটি বিভাগে ৬০ জনকে পুরস্কার দেওয়া হয়।