বিশ্বকাপটা কী চমৎ কারই না হচ্ছে। ইংল্যান্ড-ভারতের শ্বাসরুদ্ধকর টাই। আইরিশদের হাতে ইংলিশদের চপেটাঘাত। ১৭০ করেও ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে সেই ইংলিশদেরই রুখে দেওয়া। কী দারুণ বিনোদন। নাটক। অসাধারণ!কোনো বিনয় নয়, যেটা ঘটেছে সেটাই বলছি। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচটা তো বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। খেলা শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে থেকেই আমাদের স্ত্রী-বান্ধবীদের প্রতি কারও খেয়ালই ছিল না। ইংল্যান্ডের সঙ্গে আমাদের ম্যাচটিও ছিল অসাধারণ, উত্তেজনায় ঠাসা। যদিও দিন শেষে ইংলিশরা হাসল, পরাজয়ের তিক্ততা গিলতে হলো আমাদেরই। খোলাসা করে বললে, ম্যাচটি আমাদেরই জেতা উচিত ছিল। আমি হতাশ। ১৬ বছর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে একই রকম অভিজ্ঞতা হয়েছিল আমার। তবে বলতেই হয়, দেড় দশকের এই জীবনে অনেক শিখেছি। সেই অভিজ্ঞতার আয়নায় দেখলে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও এ ম্যাচ থেকে খুশি হওয়ার মতো প্রাপ্তিও খুঁজে পাচ্ছি অনেক।আমার না হয় এটি পঞ্চম বিশ্বকাপ, কিন্তু আমাদের ১৫ জনের দলটির ১১ জনেরই এটি প্রথম বিশ্বকাপ। মরনে ফন উইক ও ফ্যাফ ডু প্লেসিস প্রথম শ্রেণীর অনেক ক্রিকেট খেলে থাকতে পারে, কিন্তু বিশ্বকাপের অনন্য অভিজ্ঞতা তো তাদের এই প্রথম। তারা এখানে দ্রুতই শিখে নিচ্ছে তাদের অভিজ্ঞতার আলো থেকে।২১ বছর বয়সী কোনো ক্রিকেটার নতুন লব্ধ অভিজ্ঞতা হয়তো তিন মাসেই ভুলে যেতে পারে। কিন্তু ফ্যাফ (২৭) ও মরনের (৩০) মতো অভিজ্ঞ দুই খেলোয়াড়ের কাছে (কঠিন পরিস্থিতিতেও) ম্যাচ জেতানোর সুযোগ এসেছিল। এই অভিজ্ঞতার আগুনে তারা হয়তো পুড়ে খাঁটি সোনা হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে কাজে লাগাবে। আসলেই কি?ইংল্যান্ডের সঙ্গে যে উইকেটে খেলা হয়েছে, সেই ধরনের উইকেটে হয়তো আরও খেলা হবে। তবে তার জন্য চাই আরও ভালো প্রস্তুতি। দলের আমরা সিনিয়র খেলোয়াড়েরা জানতাম, ম্যাচটি আমাদেরই জিতিয়ে আসা উচিত ছিল। আমরা জানতাম, ম্যাচটাতে কী ঘটতে যাচ্ছে, কীভাবে আমাদের খেলা উচিত ছিল।এই ম্যাচ নিয়ে, আমাদের নিয়ে অনেক বলা হলো। ম্যাচটি জিততে ইংল্যান্ডও তো ছিল মরিয়া। মাঠেই মিলেছে সেই ইচ্ছার প্রতিফলন। জয়ের আসল কৃতিত্ব তাদেরই।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো খেলায় হেরে গেলেই লোকজন আমাদের নিয়ে বাঁকা কথা বলতে শুরু করে। যেটা খুবই বিরক্তিকর, আমাদের প্রতি একধরনের অসম্মানও। তারা আমাদের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করলে কোনো আপত্তি ছিল না।গত চারটি বিশ্বকাপে অনেক অভিজ্ঞতা হয়েছে। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, একটি ম্যাচে হারার পর যেভাবে আত্মবিশ্বাসী দলগুলো পরের ম্যাচে মনোযোগ দেয়। তবে এটি ম্যাচ বাকি থাকলেই হতে পারে। কিন্তু কোয়ার্টার কিংবা সেমিফাইনালে হারলে তো আর সুযোগ নেই।স্বস্তির বিষয় হলো, গ্রুপ পর্যায়ে আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি। আমাদের ব্যাটিংয়ে সমস্যা দেখছি না। বোলিংটাও ভালো হচ্ছে। ফিল্ডিংয়েও ভালো করছে ছেলেরা। সব শেষে বলব, ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ম্যাচটিতে হেরে যাওয়ায় আমি কোনো সমস্যা দেখছি না। ম্যাচটি ছিল দুর্দান্ত রকমের উপভোগ্য।