রোমাঞ্চের অপেক্ষায় ক্ষণ গোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্তিখাব আলম প্রায় হাতজোড় করে ভারতীয় মিডিয়াকে অনুরোধ করেছেন, দয়া করে এটিকে ক্রিকেট ম্যাচই রাখুন। যুদ্ধক্ষেত্রের রূপ দিয়ে দেবেন না। কে শোনে কার কথা! যুদ্ধের দামামা বেজে চলেছে চারদিকে। আক্ষরিক অর্থেই। ভারতীয় এক টিভি চ্যানেলে ধোনি আর আফ্রিদির ছবি দিয়ে যে ‘প্রোমো’ বানিয়েছে, সেটি পর্দায় আসতেই শুরু হয়ে যাচ্ছে গোলাগুলির শব্দ।ভারত-পাকিস্তান শুধু ক্রিকেট ম্যাচ থাকলেও সেটি দর্শকদের স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নেয়। ক্রিকেট তার সব রূপ-রস-মাধুর্য নিয়ে রাঙিয়ে দেয় এই দুই দলের দ্বৈরথ। নাটকীয়তার কত রোমাঞ্চকর গল্প লিখেছে একদা অভিন্ন অতীত আর সেটিকে ছাপিয়ে যাওয়া বৈরিতার ইতিহাসের দুই প্রতিবেশী। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেট কখনোই শুধুই ক্রিকেট থাকে না। এবারও থাকছে না।ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল বিশ্বকাপে কখনোই হয়নি। সেমিফাইনালও এই প্রথম। এমনিতেই এই ম্যাচ নিয়ে আগ্রহের পারদ তরতর করে উঠে আকাশ ছোঁয়ার কথা। ক্রিকেট ম্যাচের সীমানা ছাড়িয়ে সেটিতে লাগছে রাজনীতির রংও। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান-ভারত সম্পর্কে আবারও বরফ শীতলতা। একসময় সাংবাৎসরিক হয়ে যাওয়া ভারত-পাকিস্তান সিরিজ বন্ধ হয়ে গেছে। আইপিএলে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। এর মধ্যেই প্রধানমন্ত্রী মনমোহন সিং বরফ গলানোর মাধ্যম হিসেবে ক্রিকেট-কূটনীতিকেই পছন্দ করে বসেছেন। তাঁর আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসছেন বলে খবর। প্রেসিডেন্টও নাকি আসতে পারেন। বিষেন সিং বেদি শুধু চাকিং নিয়ে নয়, সব ব্যাপারেই মনের কথা বলে ফেলায় বিশ্বাসী। এখানেও সবচেয়ে উচ্চকণ্ঠ সাবেক বাঁহাতি স্পিনার। কোন একটা টিভি চ্যানেলে এসে প্রথমেই বলে নিলেন, ‘ম্যাচটা খেলা থাকলেই ভালো হতো। খেলার মাঠকে রাজনৈতিক মঞ্চ না বানালেই ভালো হতো।’দুই দেশের প্রধানমন্ত্রী ও তাঁদের সঙ্গী-সাথিরা খেলা দেখতে আসার আসল বিপদ তো অন্য। এমনিতেই টিম হোটেল আর স্টেডিয়াম ঘিরে মাছিও গলতে না পারে এমন নিরাপত্তাবলয়। বাইরের কাউকে তাজ হোটেলে ঢুকতেই দেওয়া হচ্ছে না। পাকিস্তান দলের কোনো খেলোয়াড় বাইরে যেতে চাইলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চার ঘণ্টা আগে তা জানাতে বলা হয়েছে। এখনই যখন এই অবস্থা, ম্যাচের দিন কী হবে! এই দুশ্চিন্তায় দিবারাত্রির ম্যাচ দেখতে সাতসকালেই মাঠে চলে আসার পরিকল্পনা করছেন অনেকে।যাঁরা করছেন, তাঁদের দিকে সবাই ঈর্ষার চোখে তাকাচ্ছেন। ‘সোনার হরিণ’ টিকিট যে ধরা দিয়েছে তাঁদের হাতে। এই ম্যাচের টিকিট নিয়ে এমন হাহাকার যে, কালোবাজারে আড়াই শ রুপির টিকিট নাকি ২৫ হাজার রুপি পর্যন্ত বিকোচ্ছে! বিশ্বাস করা কঠিন। আবার অবিশ্বাস করারই বা কী আছে! মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ২৮ হাজার। এই ম্যাচ নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারত যেভাবে মাতোয়ারা, তাতে দর্শকক্ষমতা ২৮ লাখ হলেও হয়তো গ্যালারি ভরে যেত!খেলাকে খেলাই রাখতে বলছেন ইন্তিখাব আলম। দুই দেশের মানুষই যেন ম্যাচের ফলাফল স্বাভাবিকভাবে নেয়, করছেন সেই অনুরোধও। ইন্তিখাব যে ভুক্তভোগী। উপমহাদেশে বিশ্বকাপে সর্বশেষ ভারত-পাকিস্তান ম্যাচ হয় ১৯৯৬ সালে। সেবার বেঙ্গালুরুতে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারার পর ওয়াসিম আকরামদের বাড়িতে হামলা হয়েছিল। পাকিস্তানি ক্রিকেটারদের একরকম পালিয়ে বেড়াতে হয়েছিল অনেক দিন। সেই বিশ্বকাপে পাকিস্তান দলের কোচের নাম ছিল ইন্তিখাব আলম।এবার ইন্তিখাব ম্যানেজার। আরেকটি বিশ্বকাপে পাকিস্তান খেলছে প্রতিপক্ষের মাটিতে। ইন্তিখাবের কাছে অবশ্য মোহালিকে নিজের মাঠ বলে মনেই হতে পারে। চণ্ডীগড়কে নিজের শহর। দেশভাগের পর এখান থেকেই তাঁর পরিবার পাকিস্তানের পাঞ্জাবে পাড়ি জমায়। সেই নাড়ির ইতিহাস আছে, কয়েক বছর আগে পাঞ্জাবের কোচের দায়িত্ব নিয়ে আক্ষরিক অর্থেই মোহালিকে হোম গ্রাউন্ড বানিয়ে ফেলেছিলেন। ইন্তিখাবের কোচিংয়ে রঞ্জি ট্রফিও জিতেছে পাঞ্জাব।দুই দেশের শত বৈরিতার মধ্যেও ওয়াগা সীমান্তের দুই পারে দুই পাঞ্জাবের মধ্যে ভ্রাতৃত্বের একটা বন্ধন বোধহয় আছে। সে কারণে পিসিএ স্টেডিয়ামের মূল হল রুমে ‘শান ই পাঞ্জাব’ গ্যালারিতে ইন্তিখাব আলম, ওয়াসিম আকরামদের ছবিও ঝুলছে।এই ছবিটিকে ব্যতিক্রমই ধরুন। ম্যাচের তিন দিন আগেই ভারতের সবচেয়ে গোছানো শহর চণ্ডীগড়ের বাতাসে যেমন বিদ্যুৎ-তরঙ্গ বয়ে বেড়াচ্ছে, তাতে ইন্তিখাবের কথা কেউ শুনছে বলে মনে হয় না।বুধবারের সেমিফাইনাল ক্রিকেট ম্যাচই। তবে একই সঙ্গে ‘যুদ্ধ’ও বটে!