রোমাদের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের পর এবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স। গতকাল দেশটির একাধিক স্থানে অভিযান চালিয়ে জিপসি ক্যাম্প ও ভ্রাম্যমাণ বাড়িগুলোতে বসবাসকারী শতাধিক অবৈধ অভিবাসীকে উচ্ছেদ করেছে ফরাসি পুলিশ। এদের বেশির ভাগই পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া থেকে ফ্রান্সে এসেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। রোমা উপজাতিদের ওপর ফরাসি সরকারের এই কঠোর পদক্ষেপ ‘জাতিগত আগ্রাসন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের অভিবাসীরা। তাদের মতে, এমনটা হিটলার করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিপসিদের সঙ্গে।সম্প্রতি গ্রিস অবৈধ অভিবাসী উচ্ছেদের লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাপকভাবে ঋণজর্জরিত গ্রিস ‘বহিরাক্রমণের শিকার’ হতে পারে—এই আশঙ্কা থেকে যুদ্ধ শুরু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে ফ্রান্সের সমাজতন্ত্রী সরকারের এ পদক্ষেপটা অবাক করেছে অনেককে। অবৈধ অভিবাসী উচ্ছেদের ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী নিকোলা সারকোজিকে। তাঁর আমলে ফ্রান্সের অবৈধ রোমা উপজাতিদের ক্যাম্পগুলোকে চিহ্নিত করা হয়েছিল বড় শহরগুলোতে চুরি-ডাকাতি করার ক্ষেত্র হিসেবে। তবে অপেক্ষাকৃত উদারপন্থী সমাজতন্ত্রীরা এই গৃহহীন অভিবাসীদের ক্ষেত্রে সহনীয় আচরণ করবে বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু এখন এই অবৈধ ক্যাম্পগুলো ক্রমেই অপরাধপ্রবণ হয়ে উঠছে—এই অভিযোগ এনে তাদের দ্রুতগতিতে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। আর এর পেছনে সারকোজিরও একটা ভালো ভূমিকা আছে বলে মনে করছেন অনেকে।গতকাল কিছু সাংঘর্ষিক ঘটনার মধ্য দিয়ে লিলিতে প্রায় ২০০ অভিবাসীকে উচ্ছেদ করেছে পুলিশ। এ ছাড়া লিয়ন, মার্শেইলি, বিলেভিলে এলাকা থেকে প্রায় ৩০০ মানুষকে গৃহত্যাগ করতে বাধ্য করেছে তারা। গৃহহীন এই অবৈধ অভিবাসীরা দ্রুতই রোমানিয়ায় ফিরে যাবে বলে মন্তব্য করেছেন ফরাসি সরকারের এক সূত্র।রোমানিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য। পূর্ব ইউরোপের এ দেশটির নাগরিকেরা কোনো ভিসা ছাড়াই ফ্রান্সে প্রবেশ করতে পারে। তবে দীর্ঘ সময় ফ্রান্সে বসবাস ও কাজ করার পরিকল্পনা করলে তাদের অবশ্যই একটা বাসস্থানের অনুমতি নিতে হয়। গতকাল ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে উচ্ছেদকৃত এই অভিবাসীদের অনেকেরই হয়তো এমন কোনো অনুমতিপত্র ছিল না। কিন্তু তার পরও ফ্রান্সের এই আচমকা কঠোর পদক্ষেপ মেনে নিতে পারছে না রোমারা। তাদের মতে, ফ্রান্সের এই আচরণ একটা ‘জাতিগত আগ্রাসন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নািসরা এমনটা করেছিল জিপসিদের সঙ্গে। ফ্রান্স পরবর্তী সময়ে অন্যান্য বৈদেশিক গ্রুপ, এমনকি সেখানে বসবাসকারী বিপুলসংখ্যক মুসলমানদের ক্ষেত্রেও একই ধরনের বর্ণবাদী আচরণ করতে পারে বলে অভিযোগ করেছেন তাঁরা। —ডেইলি মেইল