রোমানিয়া থেকে রাশিয়ার কূটনীতিক বহিষ্কার
গোয়েন্দাবৃত্তির অভিযোগে এক রোমানীয় কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়ার এক দিন পর গতকাল মঙ্গলবার রোমানিয়াও পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার একজন কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করেছে। খবর আল-জাজিরা অনলাইনের।রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই রাশিয়াকে বিষয়টি অবহিত করেছে।রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা গত সোমবার মস্কোতে নিযুক্ত রোমানিয়ার দূতাবাসের এক নম্বর সচিব গ্যাব্রিয়েল গ্রিসুকে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ দেয়।সংস্থাটি আরও জানায়, রাশিয়া সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা করার সময় গ্রিসুকে আটক করা হয়। গতকাল এফএসবি এ-সংক্রান্ত একটি ভিডিও চিত্রও প্রকাশ করে। যাতে গ্রিসুকে সেনাবাহিনীর গোপন তথ্যসমৃদ্ধ কাগজপত্র একটি ব্যাগে ভরতে দেখা যায়।রোমানীয় কূটনীতিককে আটক করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘনের অভিযোগ এনেছে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, সরকারিভাবে রাশিয়ায় নিযুক্ত কূটনীতিককে যে অভিযোগে রাশিয়া হেনস্থা করেছে, তা ভিয়েনা কনভেনশন ১৯৯১-এর পরিপন্থী। তবে রোমানিয়ার পররাষ্ট্র দপ্তর অবশ্য জানিয়েছে, গ্রিসু বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই রাশিয়া ত্যাগ করবে।ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে বুখারেস্টে তিনটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের জের ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।রোমানিয়া ও মার্কিন কর্মকর্তারা বরাবরই ব্যাপারটিকে রোমানিয়ার একান্ত প্রতিরক্ষামূলক কর্মসূচি হিসেবে আখ্যা দিয়ে আসছে। তবে রাশিয়া বিষয়টি সন্দেহের চোখে দেখায় উভয়পক্ষে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।