চ্যানেল আইতে আজ সন্ধ্যায় দেখানো হবে পয়লা আষাঢ় উপলক্ষে অনুষ্ঠান ‘আজ সন্ধ্যায় গানে গানে বৃষ্টির ছোঁয়া পাই’। আড্ডা আর গানের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সুবীর নন্দী, ফাহমিদা নবী, সজীব ও কণা। পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া। কথা হলো ফাহমিদা নবীর সঙ্গে। ‘আজ সন্ধ্যায় গানে গানে বৃষ্টির ছোঁয়া পাই’ অনুষ্ঠানে কী থাকছে?অনুষ্ঠানে সুবীর নন্দী, সজীব ও কণা গেয়েছেন বৃষ্টির গান। আমি গেয়েছি সেলিম আল দীনের লেখা এবং সুর করা গান ‘রাতের চাঁদের আলো’। বর্ষা আসার আগে বা পরের প্রকৃতির বর্ণনা নিয়ে গানটি। আমার খুব পছন্দ। এ ছাড়া বর্ষা নিয়ে সবাই চুটিয়ে আড্ডা দিয়েছি। বর্ষা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। তার মধ্য থেকেই কিছু বলেছি এই অনুষ্ঠানে। আপনার গানের অ্যালবামের কথায় চলে আসি। ঈদের জন্য কোনো অ্যালবাম করছেন?ঈদের জন্য সুবীরদার (সুবীর নন্দী) সঙ্গে আমার একটি গানের অ্যালবাম বের হবে। এখানে আমার চারটি এবং সুবীরদার চারটি গান থাকবে। এ ছাড়া মিশ্র অ্যালবামেও গান করব। গান ছাড়া এখন আর কিছু করছেন?এখন এইচআইভির ব্যাপারে সচেতনতা তৈরির জন্য কাজ করছি। এরই মধ্যে এইডস নিয়ে একটি গানও করেছি। ইউএনএইড ১৭ থেকে ২০ জুলাই ইতালির রোমে এইচআইভি এইডসের ওপর সম্মেলন আয়োজন করেছে। এখানে আমি অংশ নেব। বাংলাদেশের এইডস পরিস্থিতি মোকাবিলায় আমাদের করণীয় কী—সেটাই তুলে ধরব এই সম্মেলনে। আপনার গানের স্কুল ‘কারিগরি’র কী খবর?‘কারিগরি’র তৃতীয় ব্যাচের ক্লাস চলছে। প্রথম ও দ্বিতীয় ব্যাচের নয়জন ছাত্রছাত্রীর গাওয়া ১০টি গান নিয়ে অ্যালবাম তৈরির কাজ চলছে। এখানে আমারও একটি গান থাকবে। দেশ এবং দেশের বাইরের অনেকেই আপনার গান শোনেন। আপনি নিজে কাদের গান শোনেন?সুযোগ পেলেই আমি গান শুনি। শিল্পী আমার কাছে বড় কোনো প্রভাব ফেলে না। ভালো গান হলেই শুনি। গত শতকের পঞ্চাশ দশক থেকে শুরু করে এ পর্যন্ত অনেক শিল্পীর ভালো ভালো গান আমার সংগ্রহে আছে। ইদানীং কানন দেবী এবং আঙ্গুর বালার গান বেশি শোনা হচ্ছে। বিনোদন প্রতিবেদক