রোমের বৈঠকে যোগ দেবে সিরিয়ার সরকারবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে ‘বিশেষ সহায়তার প্রতিশ্রুতি’ পাওয়ার পর ইতালির রাজধানী রোমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছে সিরিয়ার সরকারবিরোধীরা। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এর আগে সিরিয়ায় চলমান সহিংসতার বিষয়ে ‘বিশ্ববাসীর নীরবতা’য় সরকারবিরোধীরা এ আলোচনা বর্জন করার ঘোষণা দিয়েছিল।গতকাল সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে বিস্ফোরণ ও ব্যাপক বন্দুকযুদ্ধের খবর পাওয়ার পর বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। উইলিয়াম হেগ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষে জন কেরি সিরিয়ান বিরোধীদের পরিষদের প্রেসিডেন্ট মোয়াজ আল খতিবের সঙ্গে কথা বলেন এবং আগামী বৃহস্পতিবার রোমের বৈঠকে যোগ দিতে আহ্বান জানান। গতকাল সন্ধ্যায় মোয়াজ আল খতিব সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, সিরিয়ার সরকারবিরোধী পক্ষ ইতালি যেতে প্রস্তুত।