রোমের শহীদ মিনারে ৫০৭টি ভাষার নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে সম্ভবত দ্বিতীয় সর্বাধিক সংখ্যক বাংলাদেশির অভিবাসন ঘটেছে যে দেশটিতে, সেই ইতালিতেও স্থায়ীভাবে প্রথম শহীদ মিনারটি নির্মিত হয় অ্যাড্রিয়াটিক সাগরের পাড়ে দক্ষিণাঞ্চলীয় শহর বারিতে ২০১০ সালে। আর ২০১১ সালে রোমের পারিওলিতে লারগো বাংলাদেশ বা বাংলাদেশ চত্বরে তৈরি হয় ইতালির দ্বিতীয় স্থায়ী শহীদ মিনার।বারিতে যখন এই শহীদ মিনার নির্মিত হয়, তখন সেখানকার বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন আবদুল কাদির। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা সমিতির পক্ষ থেকে নগর কর্তৃপক্ষের কাছে বিষয়টিতে অনুমোদন চাইলে ২০০৮ সালে সেই অনুমতি মেলে। এ জন্য স্থান বরাদ্দ হয় লারগো দু যোন পার্কে এবং দুই বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হয়। ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর ডেপুটি স্পিকার শওকত আলী বারির এই শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।আর রোমে স্থায়ী শহীদ মিনারটির নির্মাণকাজ সম্পন্ন হয় ২০১১ সালে এবং সে বছরের ১৮ ফেব্রুয়ারি তা উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এর দুই দিন পর একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে ওই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনায় অংশ নেন ইতালি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস স্টেফানিয়া গ্যাব্রিয়েলা অ্যানাস্তাসিয়া ক্র্যাক্সি।রোমে বসবাসকারী বাংলাদেশিদের পক্ষে বাংলাদেশ দূতাবাস এ বিষয়টিতে সরকারিভাবে উদ্যোগ নিয়ে ইতালীয় কর্তৃপক্ষের কাছে জমি বরাদ্দ এবং অনুমতির জন্য অনুরোধ জানায় ২০০৬-০৭ সালের দিকে। দূতাবাসের একজন কাউন্সিলর কাজী আনারকলি সে সময়ও সেখানে কর্মরত ছিলেন। তিনি জানান, রোমের এই শহীদ মিনারটির নকশা করেছেন ইতালির খ্যাতিমান এক শিল্পী, পাওলো তাম্বুরেলা। শিল্পী তাম্বুরেলা ঢাকায় গিয়ে জাতীয় শহীদ মিনারটি দেখে এসে ওই একই আদলে রোমের শহীদ মিনারের নকশা তৈরি করেন। নকশায় মাঝের স্তম্ভটিতে বাংলায় ‘মা’ কথাটি খোদাই করা আছে। এই নকশার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, শহীদ মিনারে বিশ্বের ৫০৭টি ভাষার নাম লেখা আছে।রোমের শহীদ মিনারটির জন্য সেখানকার জায়গা বরাদ্দ দেওয়ার পর প্রথম বছরটিতে সেখানে অস্থায়ী কাঠামো তৈরি করেই একুশ উদ্যাপিত হয়। কিন্তু পরের বছরই সম্পন্ন হয় স্থায়ী কাঠামো নির্মাণের কাজ। এই শহীদ মিনারটির নির্মাণ ব্যয়ের পুরোটাই এসেছে বাংলাদেশ সরকারের কাছ থেকে।এ ছাড়া ইতালির তৃতীয় আরেকটি শহর, তুরিনেও প্রবাসী বাংলাদেশিরা একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য নগর কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছেন বলে জানা গেছে। নগর পরিষদের নির্বাচনের সময় বিভিন্ন দলের প্রার্থীদের কাছ থেকে তাঁরা এ বিষয়ে আগাম প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন।