রোল খেতে রোল এক্সপ্রেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রোল এক্সপ্রেস ক্যাফে’র নামেই আঁচ করা যায় রোল নিয়েই তাদের যত কারবার। তেলে ভাজা গোল রুটির মধ্যে নানা রকম ‘পুর’ দিয়ে সেটাকে গোল করে পেঁচিয়ে তৈরি করা হয় রোল। আর সেটাই রোল এক্সপ্রেসের এক নম্বর পদ। তবে এসবের পাশাপাশি দক্ষিণ ভারতের নানা রকম পদও মেলে এখানে। ‘রোল এক্সপ্রেস ক্যাফে’তে খেতে হলে বনানী ব্লক-২-এর ২১ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে যেতে হবে আপনাকে। ক্যাফের ভেতরের পরিবেশটা এমন যে ভেতরে ঢুকলেই কতক্ষণ গা এলিয়ে বসে থাকতে ইচ্ছে করে। সাজগোজটাও এমন করে করা যে সঙ্গী-সাথি নিয়ে গল্প করতে করতে বেশ খাওয়া যায়। খানিক বসলেই টের পাবেন খাওয়ার সঙ্গে জমজমাট আড্ডাটা এখানে দুর্দান্ত পাওনা। রোল এক্সপ্রেসের মেন্যুতে রোল পাবেন সব মিলিয়ে ৩২ রকমের। এর মধ্যে চিকেন পনির রোলটা এক কথায় অসাধারণ। মুরগির সুস্বাদু কাবাবের সঙ্গে চৌকো করে কাটা পনির, এই হলো মূল উপকরণ। তার সঙ্গে থাকে পেঁয়াজ আর ক্যাপসিকামের পাতলা পাতলা ফালি। মুরগির কাবাবটা ভারি কৌশল করে বানানো হয়। বিভিন্ন রকম মসলা আর টকদই মেখে তারপর সেটাকে তন্দুরিতে ভাজা হয়। ওটুকুর জন্যই রোলের ঘ্রাণটা আমূল পাল্টে যায়। দামের সঙ্গে পাল্লা দিয়ে রোলটা বেশ লম্বাই। তাই মুখে দিলেই চট করে শেষ হয়ে যাবে না। রোলের সঙ্গে যদি টমেটোর লাল আর কাঁচামরিচের সবুজ সস মেখে নেন তাহলে স্বাদটা বেড়ে যাবে বহুগুণ। রোল এক্সপ্রেস ক্যাফের কেরামতি কিন্তু এখানেই শেষ নয়। রোলের বাইরেও এখানে আরও দুর্দান্ত দুর্দান্ত সব পদ মেলে। এর মধ্যে একটা পদের কথা তো না বললেই নয়। কেননা এই জিনিস হারিকেন দিয়ে খুঁজলেও অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ। নামটা হলো রাজ কচুরি। সচরাচর যে ফুচকা পাওয়া যায় দোকানে রাজ কচুরি অন্তত তার চেয়ে দশগুণ বড় কিন্তু একই রকম মচমচে হয় খেতে। তবে ফুচকার মতো পেঁয়াজ, মরিচ মাখানো ঘুঘনি দিয়েই কিন্তু কাজ সারা হয় না। বড় বড় ছানা আর সবুজ মাসকালাই থাকে এর মধ্যেই। নিমকি ভাজা, গুয়োমৌরি আর ভুজিয়াও দেওয়া থাকে তার সঙ্গে। পুরো জিনিসটা ভেজানো হয় ঘন টকদইয়ের মধ্যে। সবুজ ধনেপাতার কুচি দেওয়া থাকে কচুরির সারা গায়ে। তার থেকে ভেঙে ভেঙে দইয়ের মধ্যে ভিজিয়ে খেতে হয়। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত স্বাদটা তার এমনই অদ্ভুত হয়ে দাঁড়ায় যে চেনা-জানা কোনো খাবারের সঙ্গে মেলানোটা খুব কঠিন হয়ে পড়ে।দারুণ সব স্যুপ আর পানীয়ও পাওয়া যায় রোল এক্সপ্রেস ক্যাফেতে। বিশেষ করে এখানকার গাঢ় থাই স্যুপ আর বানানা দাইকুরি দুটিই বাজিমাত করে দেওয়ার মতো। তার সঙ্গে সঙ্গে কয়েক রকম চা আর কফি তো আছেই। রোল এক্সপ্রেসে এলে সুস্বাদু রোল খাওয়া আর জমজমাট আড্ডার সঙ্গে সঙ্গে উপরি পাওয়া হিসেবে আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে চিত্রনায়ক ফেরদৌস, অভিনেতা সুমন পাটোয়ারী কিংবা আর জে সাদিয়া, আর জে অপু কিংবা রম্য লেখক অনিক খানের সঙ্গে। কেননা এ মানুষগুলো হরহামেশাই আড্ডা জমান এখানে। তাই মনে করে অটোগ্রাফের খাতাটা সঙ্গে নিতে ভুলবেন না কিন্তু!