কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারের মুসলিম নাগরিক রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বন বিভাগের সংরক্ষিত এলাকায় রোহিঙ্গাদের অবৈধ বসতি দিন দিন বাড়ছে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের চেষ্টা সত্ত্বেও অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।সরকারি সূত্র বলছে, উখিয়া ও টেকনাফের দুটি শিবিরে প্রায় ২৫ হাজার শরণার্থী আছে। এ ছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বর্তমানে ছড়িয়ে-ছিটিয়ে চার লাখের মতো রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক এনজিওর কর্মকাণ্ড রোহিঙ্গা অনুপ্রবেশকে উৎসাহিত করছে। অন্যদিকে বন বিভাগের নিষ্ক্রিয়তার কারণে বনের জায়গায় বসতি গড়ে তুলছে অনুপ্রবেশকারীরা।বিডিআর সূত্র জানায়, গত দুই মাসে (এপ্রিল-মে) অনুপ্রবেশের সময় ৫৫ জন রোহিঙ্গাকে আটক করে জেলহাজতে পাঠায় বিডিআর। এ ছাড়া গত পাঁচ মাসে নাফ নদী অতিক্রম করে অনুপ্রবেশের সময় বিডিআর দুই হাজার ২২ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে পুশব্যাক করে। একই সূত্র বলছে, গত বছর মিয়ানমারে পুশব্যাক করা হয়েছিল এক হাজার ৩১৩ জন রোহিঙ্গাকে।জানতে চাইলে টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে বিডিআরের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। প্রায় প্রতিদিন রোহিঙ্গারা বিডিআরের হাতে ধরা পড়ছে। তার পরও অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতে জনগণের সক্রিয় সহযোগিতা দরকার। স্থানীয় মানুষ রোহিঙ্গাদের গ্রামে অবস্থানের সুযোগ না দিলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে।সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরের কাছে বন বিভাগের সংরক্ষিত এলাকায় রোহিঙ্গাদের অবৈধ বসতি দিন দিন বাড়ছে। দুই মাস আগেও সেখানে অবৈধ বসতির সংখ্যা ছিল ৩৪ হাজার ৩১৬। কিন্তু দুই মাসে আরও নতুন প্রায় পাঁচ হাজার লোক বসতি স্থাপন করেছে।গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এসিএফ ও এমএসএফ হল্যান্ড নামে দুটি বেসরকারি সংস্থার কর্মীরা রোহিঙ্গাদের শরণার্থীর মতো মর্যাদা দিয়ে তাদের সাহায্য করছেন। এতে রোহিঙ্গারা অনুপ্রবেশে উৎসাহিত হচ্ছে এবং সরকারিভাবে শরণার্থী হওয়ার আশায় ওই স্থানে বসতি স্থাপনে আগ্রহী হচ্ছে। এ ছাড়া বন বিভাগের নিষ্ক্রিয়তার কারণে ওই স্থানে রোহিঙ্গারা জড়ো হচ্ছে।ওই প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান দ্রুত না হলে বাংলাদেশ-মিয়ানমার সুসম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে কার্যকর উদ্যোগ না থাকায় কর্মহীন রোহিঙ্গারা আইনশৃঙ্খলায় অবনতির ক্ষেত্রে মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, নয়াপাড়া, দক্ষিণপাড়া, বাজারপাড়া, সাবরাং, মৌলভীপাড়া, লেদা, জাদিমুরা, হোয়াইক্যং; উখিয়া উপজেলার পালংখালী, রহমতের বিল, ঘুমধুম, বালুখালী ও নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী, দোছড়ি, তুমব্রুসহ বিভিন্ন সীমান্তপথ অতিক্রম করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বিডিআর সদস্যদের হাতে অল্পসংখ্যক রোহিঙ্গা ধরা পড়লেও বেশির ভাগ গ্রামগঞ্জে ঢুকে পড়ছে।গত মাসে টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন মিয়ানমারের মংডু শহরের নাকপুরা গ্রামের বাসিন্দা সলিম উল্লাহ (৪৮)। সঙ্গে স্ত্রী ও চার ছেলেমেয়ে। রাতে বাসে চড়ে তারা চলে আসে কক্সবাজার শহরে। আশ্রয় নেয় সমুদ্রসৈকত এলাকার ঝাউগাছের ভেতরে গড়ে ওঠা বস্তিতে। এখানে বস্তিতে বসবাস করে আরও অন্তত দেড় হাজার রোহিঙ্গা। সলিম উল্লাহ বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে এখন কোনো কাজকর্ম নেই। হাজার হাজার মানুষ বেকার। কাজের সন্ধানে তারা বাংলাদেশে আসছে।অনুপ্রবেশকারী রোহিঙ্গা আবদুল মাজেদ, কালা মিয়া, মনির উল্লাহের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর নিয়মিত অত্যাচার-নির্যাতন করে। জোর করে ধরে নিয়ে সেনা ব্যারাকে কাজ করায়, পারিশ্রমিক দেয় না। তাঁরা বলেন, আয়রোজগারের পাশাপাশি বাংলাদেশ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে পাড়ি জমানোর সুযোগ রয়েছে।অন্য দুই অনুপ্রবেশকারী সৈয়দ আহমদ ও শামসুল আলম বলেন, রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যরা নানা মাধ্যমে মিয়ানমারে খবর পাঠাচ্ছেন বাংলাদেশে অনুপ্রবেশের জন্য। বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো, শরণার্থীর মর্যাদা আদায় করে দেওয়ারও প্রলোভন দেওয়া হচ্ছে। তাঁরা আরও জানান, বাংলাদেশে আসতে চাইলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাধা দেয় না। এদের নিয়ে প্রশাসন যেমন বিব্রত, তেমনি স্থানীয় লোকজনও বেকায়দায়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, জেলায় অনুপ্রবেশকারী রোহিঙ্গারা পাহাড়-জঙ্গল-সৈকত দখল করে বসতি গড়ে তুলছে। এদের যেমন এক জায়গায় জড়ো করা যাচ্ছে না, তেমনি মিয়ানমারে ফেরতও পাঠানো যাচ্ছে না। তিনি বলেন, রোহিঙ্গা এখন জাতীয় সমস্যায় পরিণত হচ্ছে।কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নূরে আলম বলেন, চার লাখ রোহিঙ্গার চাপে স্থানীয় বাসিন্দারা যেমন অতিষ্ঠ, তেমনি এদের কারণে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। খুন, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধকর্মে রোহিঙ্গারা জড়িত। তিনি বলেন, পুলিশ ইচ্ছে করলে প্রতিদিন কয়েক হাজার করে রোহিঙ্গাকে আটক করতে পারে, কিন্তু এদের রাখা এবং খাওয়ানোর ব্যবস্থা নেই।সরকারের ‘শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়’ (আরআরআরসি) সূত্র জানায়, বর্তমানে টেকনাফ ও উখিয়ার দুটি শিবিরে তালিকাভুক্ত দুই হাজার ৯৬৯টি পরিবারে ২৪ হাজার ২৩৬ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এর মধ্যে উখিয়ার কুতুপালং শিবিরে এক হাজার ১৯৪টি পরিবারে নয় হাজার ৮৫০ এবং টেকনাফের নয়াপাড়া শিবিরে এক হাজার ৭৭৫টি পরিবারে ১৪ হাজার ৪৩১ জন শরণার্থী রয়েছে। এদের মিয়ানমারে ফেরত (প্রত্যাবাস) পাঠানো যাচ্ছে না। ৮৫৬ রোহিঙ্গা শরণার্থী বিদেশে পুনর্বাসন: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ শিবিরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্য থেকে গত দেড় বছরে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হয়েছে ৮৫৬ জনকে। আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, ৮৫৬ জন শরণার্থীর মধ্যে যুক্তরাষ্ট্রে ৬১, কানাডায় ১৭৯, অস্ট্রেলিয়ায় ৩৩২, আয়ারল্যান্ডে ১২৯, যুক্তরাজ্যে ১০৯, নিউজিল্যান্ডে ২৩, নরওয়েতে ৪ ও সুইডেনে ১৯ জনকে পাঠানো হয়েছে। আরও ৩০০ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডায় পাঠানোর প্রস্তুতি চলছে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আহ্বায়ক এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী প্রথম আলোকে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেনসহ বিভিন্ন রাষ্ট্রে পুনর্বাসনের আশ্বাস দিচ্ছে আন্তর্জাতিক দুটি সংস্থা। এ ছাড়া রোহিঙ্গাদের একাধিক জঙ্গি সংগঠন উখিয়া ও টেকনাফ শরণার্থী শিবিরে আস্তানা গেড়ে রোহিঙ্গা অনুপ্রবেশে উৎসাহিত করছে। তিনি বলেন, বিনা পয়সায় বিদেশে যাওয়ার সুযোগ লুফে নিতে নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করছে। হামিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পাঠিয়ে রোহিঙ্গাদের অপতৎপরতা সম্পর্কে অবগত করা হয়েছে। স্মারকলিপিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের এক জায়গায় জড়ো করে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এবং জঙ্গি ও এনজিওগুলোর ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানানো হয়েছেন।কক্সবাজার জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গারা এখন শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সরকার মিয়ানমারের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। অবৈধ বসবাসকারী রোহিঙ্গাদের এক জায়গায় এনে তালিকাবদ্ধ করারও চেষ্টা চলছে।