রোহিঙ্গা ইস্যুতে অবস্থান জানতে ঢাকায় মার্কিন দল
মিয়ানমারের আরাকান রাজ্যের উত্তেজনা প্রশমনসহ রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে মিয়ানমারের রাখাইন প্রদেশের সাম্প্রতিক দাঙ্গার পর রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের নীতিগত অবস্থান জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বিষয়টি জানতে চেয়েছে। এ ছাড়া দলটি কক্সবাজার জেলার দুটি শরণার্থী শিবিরসহ মিয়ানমার সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নিয়েছে। শরণার্থী শিবির-সংলগ্ন এলাকায় তিন এনজিওর কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সম্পর্কেও মার্কিন প্রতিনিধিদল জানতে চেয়েছে। তিন দিনের মিয়ানমার সফর শেষে চার সদস্যের এক মার্কিন প্রতিনিধিদল গতকাল ঢাকায় এসেছে। আজ বিকেলে মার্কিন প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। সফররত এ প্রতিনিধিদলে আছেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোয়ে ইয়ুন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া আয়ার্স, জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কেলি ক্লিমেন্টস এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যান বায়ের। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের অনুপস্থিতিতে মার্কিন প্রতিনিধিদলটি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিল। শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ, আমেরিকা ও সন্ত্রাসবাদ দমন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মহাপরিচালকের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলটি বৈঠক করে।বৈঠক শেষে দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া আয়ার্স সাংবাদিকদের বলেন, ‘রাখাইন প্রদেশে গত জুনের সহিংসতার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আমরা ইতিমধ্যেই মিয়ানমার সফর করেছি। সরেজমিনে পরিস্থিতি দেখতে এখন বাংলাদেশে এসেছি। আমাদের এ সফরের মূল উদ্দেশ্য হলো দীর্ঘস্থায়ী মানবিক সহায়তা দানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান করা।’ এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশের এক কর্মকর্তা বলেন, মার্কিন প্রতিনিধিদলটি তাদের মিয়ানমারের সফরের অভিজ্ঞতা জানিয়েছে। এর পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশ সরকারের নীতিগত অবস্থান সম্পর্কে খোঁজ নিয়েছে। এ ব্যাপারে প্রতিনিধিদলটি রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইন প্রদেশে বিনিয়োগ করা গেলে ওই এলাকার মানুষের আর্থসামাজিক জীবনের পরিবর্তন আসবে। এ ক্ষেত্রে মার্কিন সরকারকে ওই এলাকায় বিনিয়োগের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বৈঠকে অংশ নেওয়া অন্য এক কর্মকর্তা জানান, সীমান্তবিহীন চিকিত্সক দল (এমএসএফ), অ্যাকশন কন্ত লা ফেইম এবং মুসলিম এইড ইউকের কর্মকাণ্ড রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় নিষিদ্ধ হওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধিদলটি জানতে চেয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন প্রেক্ষাপটে ওই তিন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ওই তিন এনজিওর নিবন্ধনের মেয়াদ প্রায় দুই বছর আগে উত্তীর্ণ হয়ে যায়। এ ছাড়া কক্সবাজারের নোয়াপাড়া ও কুতুপালংয়ে ওই তিন এনজিওর যে ধরনের কার্যক্রম পরিচালনার কথা ছিল, তা সংস্থাগুলো করেনি। এমনকি কখনো কখনো এদের কার্যক্রম প্রশ্নের জন্ম দিয়েছে। এসব প্রেক্ষাপটে সংগঠনগুলোর কার্যক্রম ওই এলাকায় বন্ধ করা হয়েছে। তবে মার্কিন প্রতিনিধিদলটিকে জানানো হয়েছে, ওই তিন এনজিও পুনরায় তাদের নিবন্ধনের জন্য আবেদন জানাতে পারবে।