রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে সে দেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি আজ বুধবার মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিউ মিন্ট থানের সঙ্গে সৌজন্যসাক্ষাতের সময় এ অনুরোধ জানান। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন।এদিকে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্যসাক্ষাত্ প্রসঙ্গে মুখ খোলেননি মিন্ট থান। ওই সৌজন্যসাক্ষাতের আগে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে দেখা করেন। তবে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পর মিয়ানমারের রাষ্ট্রদূত শরণার্থীদের পাশাপাশি তাঁর দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাঁর সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। তবে তিনি এটিও উল্লেখ করেছেন, বাংলাদেশে অবস্থান নেওয়া লোকজন মিয়ানমারের নাগরিক, এটি নিশ্চিত হলেই এসব লোকজনকে ফিরিয়ে নেওয়া হবে। সম্প্রতি রাখাইন প্রদেশের ধর্মীয় সহিংসতার সময় সহযোগিতার জন্য বাংলাদেশের সরকারকে মিয়ানমারের কর্তৃপক্ষের পক্ষে ধন্যবাদ জানান মিন্ট থান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের সৌজন্যসাক্ষাতের সময় দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন রোজার পর মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই প্রতিবেশীর সম্পর্কের নতুন মাইলফলক অর্জিত হবে।