রোহিঙ্গা নিয়ে মিয়ানমারকে তালেবানের হুমকি
মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোর প্রতিশোধ নিতে ওই দেশে হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান। আজ বৃহস্পতিবার ডন ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাকিস্তান যদি মিয়ানমারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ও ইসলামাবাদে দেশটির দূতাবাস বন্ধ না করে, তবে তারা এই হামলা চালাবে বলে জানিয়েছে। মিয়ানমারের মুসলমান জনগণের রক্ষক হিসেবে নিজেদের দাবি করে তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আপনাদের রক্তের প্রতিশোধ নেব।’সংগঠনটির মুখপাত্র এহসানুল্লাহ এহসান বিবৃতিতে হুমকি দেন, পাকিস্তান সরকারকে মিয়ানমারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ইসলামাবাদে ওই দেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে। অন্যথায় শুধু মিয়ানমারের স্বার্থসংশ্লিষ্ট স্থান নয়, মিয়ানমারের সমর্থক হিসেবে পাকিস্তানের ওপর একের পর এক হামলা চালানো হবে। এ ব্যাপারে ইসলামাবাদে অবস্থিত মিয়ানমার দূতাবাসের তাত্ক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন ও সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের মধ্যে জাতিগত সহিংসতায় অনেক মানুষ নিহত হয়। গৃহহীন হয় হাজার হাজার লোক। গত সপ্তাহে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলেছে, সহিংসতার পর থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ঢালাও গ্রেপ্তারের শিকার হচ্ছে তারা। মিয়ানমারে বসবাসরত প্রায় আট লাখ রোহিঙ্গাকে বিশ্বের সবচেয়ে হয়রানির শিকার সংখ্যালঘু হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।