আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। তবে বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা শরণার্থী ঢুকতে দেওয়ার বিষয়টি আবার নাকচ করেছে।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের কাছে বলেন, মিয়ানমারে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাংলাদেশ সতর্কাবস্থায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জনগণের ক্ষমতায়ন মডেলের ওপর বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন-সংক্রান্ত গতকাল দিনব্যাপী পরামর্শসভা উদ্বোধন করেন দীপু মনি। খবর এপি, এএফপি ও বাসসের।দীপু মনি আগামী সপ্তাহে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ইউএনএইচসিআরের ওই কর্মকর্তার সঙ্গে বৈঠকে মিয়ানমারের ‘বিদ্যমান সংকট’ স্থান পাবে না। তবে মিয়ানমারের প্রায় ৩০ হাজার শরণার্থী প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউএনএইচসিআরের ওই কর্মকর্তা ১৯ জুন ঢাকায় আসছেন।বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার পর কয়েক দিন ধরে সমুদ্র পাড়ি দিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ এক বিবৃতিতে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে এবং মানবিক সহায়তাদানকারী নিরপেক্ষ সংস্থাগুলোকে সীমান্তে যাওয়ার অনুমতি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়। গত মঙ্গলবার নৌকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাওয়া প্রায় এক হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে এইচআরডব্লিউ। সংস্থাটির পরিচালক বিল ফ্রেলিক বলেন, ‘বাংলাদেশ তার সীমান্ত বন্ধ করে দিয়ে ওই জীবনগুলোকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবনের ভয়ে পালিয়ে আসা লোকজনকে আশ্রয় দেওয়া ও তাদের রক্ষা করার বাধ্যবাধকতা বাংলাদেশেরও রয়েছে।’ বিবৃতিতে শরণার্থীদের মানবিক সহায়তাসহ অন্যান্য সমর্থন দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়।বিবৃতিতে ফ্রেলিক বলেন, রোহিঙ্গাদের সহায়তা দিতে এ মুহূর্ত থেকে বাংলাদেশের প্রতিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন। কিন্তু বাংলাদেশ দ্রুত মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলোকে প্রবেশ করতে দেওয়ার মাধ্যমে চরম ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা শুরু করতে পারে।দীপু মনি আশা প্রকাশ করেন, বর্তমানে গণতন্ত্রের পথে থাকা মিয়ানমারের নেতারা তাঁদের ‘অভ্যন্তরীণ’ সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারবেন এবং বাংলাদেশে আটকে পড়া তাঁদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রতি মনোযোগী হবেন। সু চির প্রতি আহ্বান: এএফপি জানায়, বাংলাদেশের নয়াপাড়া শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের নেতা মোহাম্মদ ইসমাইল গতকাল এক বিবৃতিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির প্রতি তাঁদের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।