রোহিঙ্গা-সংকট নিরসনে মিয়ানমারকে চাপ দেবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফরকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং সেখানকার জাতিগত দাঙ্গায় উসকানিদাতাদের বিচার নিশ্চিত করতে দেশটির নেতাদের ওপর চাপ প্রয়োগ করবেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা গত বৃহস্পতিবার এ কথা জানান। খবর রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের।কর্মকর্তারা জানান, মিয়ানমার সফরকালে সেখানে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেবেন ওবামা। আজ শনিবার থেকে এশিয়া সফরে বের হবেন ওবামা। এ সময় তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, কম্বোডিয়া ও মিয়ানমারে যাবেন। প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই ওবামার প্রথম বিদেশ সফর। আর মিয়ানমারে এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর।তবে এত শিগিগরই ওবামার মিয়ানমার সফরের ব্যাপারে আপত্তি জানিয়েছে মানবাধিকারবিষয়ক একাধিক সংগঠন। সংগঠনগুলোর যুক্তি, মিয়ানমারে সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়ন এখনো অসম্পূর্ণ রয়েছে। এ পরিস্থিতিতে সেখানে প্রেসিডেন্ট ওবামার সফর যথেষ্ট যৌক্তিক নয়। তবে ওবামার সহযোগীরা মনে করেন, তাঁর এ সফর মিয়ানমারে চলমান সংস্কারকাজে উৎসাহ জোগাবে।মিয়ানমারে কয়েক দশকব্যাপী সামরিক শাসনের অবসানের পর ২০১০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে নামসর্বস্ব বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা গ্রহণের পর গত বছর থেকে সরকার অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার শুরু করেছে। তবে জাতিগত দাঙ্গাসহ বিভিন্ন কারণে দেশটির অবস্থা এখনো নাজুক বলে বিবেচনা করা হয়।ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলন ওয়াশিংটনে এক ভাষণে বলেন, মিয়ানমারে জাতিগত সহিংসতাই যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ। সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে মিয়ানমার সরকারকে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে। সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। প্রেসিডেন্ট ওবামা মিয়ানমারের নেতাদের সঙ্গে এসব বিষয়ে সরাসরি কথা বলবেন। টম ডোনিলন বলেন, ‘রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা মিয়ানমার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমার প্রত্যাশা, এ বিষয়ে প্রেসিডেন্ট সরাসরি মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলবেন। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী সহিংসতার শিকার হচ্ছে।’রাখাইন রাজ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছে রোহিঙ্গারা। কিন্তু স্থানীয় বৌদ্ধ রাখাইন সম্প্রদায় রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বলে অভিযোগ করে থাকে। রোহিঙ্গারা সব ধরনের অধিকারবঞ্চিত অবস্থায় সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে। রাখাইন রাজ্যে সরকারি হিসাবেই গত মাসে জাতিগত দাঙ্গায় ৮৯ জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ওবামার মানবাধিকারবিষয়ক উপদেষ্টা সামান্থা পাওয়ার বলেন, মিয়ানমার সফরকালে রোহিঙ্গাদের সংকটের বিষয়টি নিয়ে ওবামা আলোচনা করবেন। দেশটিতে রোহিঙ্গাদের অবস্থান বৈধ কি না, সে ব্যাপারে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।