রোহিঙ্গা সংকটের উৎস খুঁজে দেখতে হবে মিয়ানমারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে মিয়ানমার কর্তৃপক্ষকেই দেশের ভেতরের সংকটের উত্স খুঁজে বের করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট দূর করার এ-প্রক্রিয়ায় প্রতিবেশী বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিতে পারে মিয়ানমার। আজ বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা প্যাট্রিক মারফি গণমাধ্যমের কাছে এ অভিমত দিয়েছেন। তাঁর মতে, মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার তার নিজের এবং প্রতিবেশী বাংলাদেশের জন্য দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সম্ভাবনা তৈরি করেছে। আর সংস্কারকে সুসংহত করতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে উদাহরণ হিসেবে কাজে লাগাতে পারে মিয়ানমার। মিয়ানমারের সংস্কারপ্রক্রিয়া নিয়ে মার্কিন প্রশাসনের নীতিমালা নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা গতকাল মঙ্গলবার দুদিনের সফরে ঢাকা আসেন। এ সফরের সময় তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ঢাকা সফর শেষে তিনি মিয়ানমার গেছেন।