রোহিঙ্গা সমস্যা সমাধানে থাই সহযোগিতা চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়া প্রতিরোধে তাদের নাগরিকত্ব প্রদানে মিয়ানমারের নেতৃত্বকে রাজি করানোর জন্য থাই সরকারের সহযোগিতা চেয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা রোহিঙ্গাসহ প্রাচ্য-পাশ্চাত্য করিডোরের অভিন্ন অংশ এবং এশিয়ান ডায়ালগ ও মেকং-গঙ্গা সহযোগিতায় শরিক হওয়ার জন্য ব্যাংককের সহযোগিতা চান।আজ সোমবার থাইল্যান্ডে দ্বিতীয় এশীয় প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনের বাইরে চিয়াংমাই আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্রে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসের।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, যৌথ বাণিজ্যিক কার্যক্রম এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু করার সমস্যাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তিনি জানান, ২০১৬ সাল নাগাদ বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দীর্ঘ ২৪ বছর পর দুই দেশের যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকের খবরে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংশোধিত প্রস্তাব চূড়ান্ত করেছে এবং শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে।শেখ হাসিনা আশা প্রকাশ করেন, সংশোধিত প্রস্তাব অনুমোদনের পরপরই ইতালি-থাই উন্নয়ন কোম্পানি ২৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু করবে। গত বছরের ডিসেম্বরে ঢাকায় সিনাওয়াত্রার সফরের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার সম্পর্কে এক নতুন যুগের সূচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থাইল্যান্ডকে খুবই ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে বিবেচনা করে।শেখ হাসিনা ২০১৪-২০১৯ মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বাংলাদেশের প্রার্থিতার প্রতি থাইল্যান্ডের সমর্থন চান।থাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাণিজ্য-ব্যবধান কমাতে ডব্লিউটিও-এলডিসি শর্তের অধীনে শুল্ক ও কোটামুক্তভাবে সুনির্দিষ্ট বাংলাদেশি পণ্য প্রবেশের অনুমতি প্রদান এবং থাইল্যান্ডে মত্স্য ও নির্মাণ খাতে বাংলাদেশি নিয়োগে তাঁর সরকারের সিদ্ধান্তের কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ব্যাপারে দুই দেশ সম্ভাব্য কম সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন হস্তক্ষেপ ছাড়া কাজ করছে: প্রধানমন্ত্রীজাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশের নির্বাচনব্যবস্থা-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন এখন কোনোরকম হস্তক্ষেপ ছাড়া কাজ করছে এবং তাঁর সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে।দ্বিতীয় এশিয়া প্যাসিফিক পানি সম্মেলনের বাইরে শেখ হাসিনা জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাসভিলির সঙ্গেও বৈঠক করেন। তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।কাল ফিরছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন। তিনি গতকাল রোববার থাইল্যান্ডের চিয়াংমাইয়ে দ্বিতীয় এশীয় প্রশান্ত মহাসাগরীয় পানি শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে থাইল্যান্ড যান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিয়াংমাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।