রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে রাজি করান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ জীবনযাত্রার মান নিশ্চিত করতে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে মিয়ানমার সরকারকে রাজি করাতে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে এই দীর্ঘস্থায়ী (রোহিঙ্গা) সমস্যা স্থায়ী সমাধানের ব্যাপারে অবশ্যই সক্রিয় ভূমিকা গ্রহণ করব।’গতকাল বুধবার রাতে সৌদি আরবের মক্কায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) চতুর্থ বিশেষ অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জিল্লুর রহমান এ আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সৌদি আরব থেকে পাওয়া এক বার্তায় এ কথা বলা হয়েছে। দুদিনব্যাপী এই সম্মেলনে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেন। খবর বাসসের।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার-বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর ব্যাপক নিপীড়ন চালানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু মুসলমানদের অবস্থা গভীর উদ্বেগজনক। তিনি বলেন, এটি কেবলমাত্র মুসলমানদের সুরক্ষা ও তাদের বিশ্বাসের বিষয় নয়, এটি সর্বজনীন মানবাধিকারের বিষয়।জিল্লুর রহমান বলেন, ‘এই সংখ্যালঘু জনগণের পক্ষে আমাদের বিশ্ববাসীর নৈতিক আদর্শ পুনরুজ্জীবিত করা এবং এ ব্যাপারে আন্তর্জাতিক জনমত গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, প্রচলিত কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি গণসচেতনতার জন্য, বিশেষ করে অমুসলিম দেশগুলোর সরকারকে এ ব্যাপারে প্রভাবিত করতে আমাদের উদ্ভাবনী প্রচেষ্টা চালানো প্রয়োজন।’রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিন মুসলমানদের নিপীড়ন ও তাদের প্রতি অবিচারের একটি জলজ্যান্ত উদাহরণ। ফিলিস্তিন সংকটের ন্যায়সংগত সমাধানে ফিলিস্তিনি লোকজনের বৈধ অধিকারের পক্ষে অবশ্যই বিশ্ব জনমত গড়ে তুলতে হবে।