পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি। ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইক্যাপ) সহসভাপতি আবদুল মতিন খসরু তাঁর সঙ্গে সাক্ষাত্ করলে সু চি এ কথা বলেন। আইক্যাপের একটি প্রতিনিধিদল ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমার সফর করে। সংসদের বেসরকারি বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সু চি মিয়ানমারের রাখাইন প্রদেশের জাতিগত দাঙ্গার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় শান্তি রক্ষার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের অরক্ষিত সীমান্তে অবাধ চলাচল বন্ধ করতে হবে এবং দুই দিক থেকে অনুপ্রবেশ বন্ধ করার জন্য টহল ও নিরাপত্তা জোরদার করতে হবে। সাক্ষাতকালে মতিন খসরু মিয়ানমারের রাখাইন প্রদেশের জাতিগত দাঙ্গার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার তাদের নাগরিক হিসেবে গ্রহণ করে না। বর্তমানে তারা জাতিহীন গোষ্ঠীতে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে তিনি মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধনের ওপর গুরুত্ব আরোপ করেন।