রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান
মিয়ানমারের রাখাইন রাজ্যের শরণার্থীদের নিরাপদ আশ্রয়দানে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা। সাম্প্রদায়িক সহিংসতার জের ধরে রাখাইন রাজ্য থেকে নৌকায় করে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢুকতে দিতে বাংলাদেশ অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার এ আহ্বান জানানো হয়।জাতিংসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক বলেন, ‘আমাদের কাছে প্রত্যক্ষ সূত্রে খবর রয়েছে, বাংলাদেশের নিরাপত্তাকর্মীরা নৌকায় করে পালিয়ে আসা লোকজনকে ফেরত পাঠাচ্ছেন। নাফ নদীর মুখে বর্তমানে অসংখ্য নৌকা ভাসমান অবস্থায় রয়েছে, যাতে অবস্থান করছে নারী, শিশু ও আহত ব্যক্তিরা। এসব মানুষকে একটি নিরাপদ আশ্রয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া জরুরি।’ মুখপাত্র মাহেসিক আরও বলেন, ইউএনএইচসিআর স্বীকার করে, মিয়ানমারের আগের নানা সংকটে যেসব লোক উদ্বাস্তু হয়েছিল, বছরের পর বছর বাংলাদেশ তাদের ধাক্কা বয়ে চলছে। সর্বশেষ এ ঘটনা নতুন একটি চ্যালেঞ্জ সৃষ্টি করবে। তবে ইউএনএইচসিআর আশা প্রকাশ করে, বাংলাদেশ তার সমবেদনা ও সংহতি প্রকাশের দীর্ঘ ইতিহাসের সঙ্গে সংগতি রেখে এতে সাড়া দেবে।মুখপাত্র মাহেসিক জানান, তাঁদের সংস্থার কর্মীরা গত বুধ ও বৃহস্পতিবার সহিংসতা ছড়িয়ে পড়া এলাকাগুলো পরিদর্শন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা করছেন। ওই এলাকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে মন্তব্য করে মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটবে। সেটা হলে আমরা পূর্বসতর্কতামূলকভাবে যেসব কর্মীকে ওই এলাকা থেকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছি, তাঁদের আবার সেখানে ফিরিয়ে আনার সুযোগ পাব।’ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় অনেকের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে ঘরবাড়ি হারিয়েছে প্রায় ৩০ হাজার লোক। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গারা সহিংসতায় প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এএফপি।বন্ধু-দেশের সঙ্গে সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে না: দীপু মনিআমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ অপারগতা প্রকাশ করায় বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী গতকাল সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে তিনি সার্কিট হাউসে চাঁদপুর সদর উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেন। দীপু মনি বলেন, জাতীয় স্বার্থে রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দেওয়ার অনুরোধ রাখা যাচ্ছে না। তাদের সাহায্য-সহায়তাটুকু মিয়ানমারের ভেতর থেকেই করা উচিত। এ বিষয়ে বাংলাদেশের সব বক্তব্য যুক্তিসংগত ও অইনসংগত। দীপু মনি বলেন, ‘দীর্ঘদিন যেসব রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে, তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। যারা নথিভুক্ত শরণার্থী বা নথিভুক্ত নয়; যারা অবৈধভাবে প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে আমরা সব সময় মানবতার দিকটি বড় করে দেখে সহায়তার চেষ্টা করেছি।’