রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান বাংলাদেশের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে প্রহরা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশে গত কয়েক দিনে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ২৫ জন নিহত হয়েছে। এরপর গত সোমবার সীমান্তবর্তী নাফ নদী এবং কক্সবাজারের টেকনাফের কাছে সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে কয়েক শ রোহিঙ্গা। তবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ড রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয়।এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়ার জন্য গতকাল সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশে সংস্থার আবাসিক প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্স বিবিসিকে বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন সীমান্ত প্রহরা শিথিল রাখে এবং শরণার্থীদের ঢুকতে দেয়, বিশেষ করে সহিংসতায় যারা আহত হয়েছে।’ ক্রেইগ স্যান্ডার্স জানান, রাখাইন প্রদেশে সহিংসতার পর বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে টহল জোরদার করেছে। ফলে অল্পসংখ্যক রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে পেরেছে।স্যান্ডার্সের এই মন্তব্যের এক দিন আগে গত সোমবার রোহিঙ্গাদের রক্ষা করতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানায় মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন সংগঠন। ‘পরিকল্পিত গণহত্যা’ থেকে রাখাইনের লাখ লাখ রোহিঙ্গাকে বাঁচাতে তারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে। সংগঠনগুলো বান কি মুনের উদ্দেশে একটি খোলা চিঠিতে জানায়, সাম্প্রতিক সহিংসতার পর ৮০০ থেকে ১০০০ রোহিঙ্গা নারী-শিশু ও বৃদ্ধ নিখোঁজ রয়েছে। অনেকে জঙ্গলে আশ্রয় নিয়েছে। কিছু রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছে। এ ছাড়া সহিংসতায় নিহতদের লাশ নিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। তাঁরা পরিকল্পিতভাবে রাখাইন থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করতে চায়। খোলা চিঠিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অ্যাসোসিয়েশনের সভাপতি মায়ুং কিয়াও নু।তবে জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ চায় না, মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গারা আসুক।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে অনেক শরণার্থী আছে। অবৈধভাবেও অনেকে প্রবেশ করেছে। বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব এমনিতেই বেশি। এই অবস্থায় মিয়ানমারের শরণার্থীদের অনুপ্রবেশের ফলে সামাজিক, পরিবেশগত ও আইনশৃঙ্খলা-পরিস্থিতির ওপর প্রভাব পড়ে।’ তবে তিনি জানান, মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী। সেখানে কোনো উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হলে তা বাংলাদেশেরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।দীপু মনি আরও জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশে মিয়ানমারের দূতাবাসের প্রধানের সঙ্গে পররাষ্ট্রসচিব আলোচনা করেছেন। মিয়ানমারে বাংলাদেশের দূতাবাসও সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। বান্দরবান ও কক্সবাজার সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, তাদের চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতা করা হচ্ছে। বিবিসি, ইউএনবি, এশিয়া নিউজ নেটওয়ার্ক।