রোহিঙ্গাদের আশ্রয় দিতে ফখরুলের আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ও আন্দোলন দমনে বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছে। কিন্তু এভাবে তারা বিরোধী দলের আন্দোলন দমাতে পারবে না।আজ শুক্রবার রাজধানীর উত্তরায় সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগার থেকে মির্জা ফখরুল জামিনে মুক্তি পান। গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে গাড়ি পোড়ানোর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৬ মে আদালত ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময় মানবতার পক্ষে। আমরা মনে করি, যখনই কোনো গোষ্ঠী, সমাজ বা মানুষ আরেকটি গোষ্ঠীর কাছে নির্যাতিত হয়, তখন তাকে সহযোগিতা করা মানবতার ধর্ম।’ তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে কূটনৈতিক পর্যায়ে আরও দ্রুত কথা বলা ও সমস্যা সমাধানের চেষ্টা করা দরকার। এ সময় মানবিক দিক বিবেচনায় রেখে রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, বিএনপি আন্দোলন থেকে পিছু হটেনি। সরকারকে আলোচনার সুযোগ দিতে ঈদের আগে কঠোর কর্মসূচি দেওয়া হয়নি বলেও জানান তিনি। প্রায় এক মাস কারাবাসের পরে মুক্তি পেয়ে আজ প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ফখরুল।