রোহিঙ্গাদের জন্য ধর্মভিত্তিক দলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর রাখাইন সম্প্রদায়ের সহিংসতা বন্ধের দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের পর দলগুলো পৃথক মিছিল বের করে। সমাবেশ থেকে আরাকান থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়।সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও খেলাফত আন্দোলনের আমির আহমাদুল্লাহ আশরাফ রোহিঙ্গাদের বিষয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দেওয়া বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করে তিনি বলেন, ‘এসব খবিস, অমানুষদের কাছ থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এ সরকার ইহুদিদের দালাল সরকার, এদের প্রত্যাখ্যান করতে হবে।’ আবদুল লতিফ নেজামী জাতিসংঘসহ সব মানবতাবাদী সংগঠনকে মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিতে আমরা বাধ্য নই—বলে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা সংবিধান বিরোধী। কারণ, বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিপীড়নের কথা তুলে ধরা।’সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান মাদানী, আলমগীর মজুমদার প্রমুখ বক্তব্য দেন। কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের এ মোর্চা পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব ও তোপখানা এলাকায় মিছিল করে।ইসলামী আন্দোলন: পুরানা পল্টনের হাউজ বিল্ডিং গলিতে পৃথক সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ রোহিঙ্গা মুসলমানদের হত্যা বন্ধ না করলে বাংলাদেশের মিয়ানমার দূতাবাস ঘেরাও করার হুমকি দেন।সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দীন বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশ ভারত আশ্রয় না দিলে আমাদের পরিণতি কী হতো? তিনি রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যার পরও সংসদে দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মানবতাবিরোধী বলে উল্লেখ করেন।সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান, কে এম আতিকুর রহমান, লোকমান হোসাইন, নগর কমিটির সেক্রেটারি আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।এ ছাড়া ইসলামী ঐক্য আন্দোলন নামে একটি সংগঠন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে। সকালে ইসলামী ছাত্রশিবির রাজধানীর বাড্ডা এলাকায় মিছিল বের করে শাহজাদপুরে সমাবেশ করে। শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের হয়।