রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে গ্রহণ করার জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বাধ্য নয়। কারণ, বাংলাদেশ আন্তর্জাতিক শরণার্থী-বিষয়ক কোনো আইন বা কনভেনশনে অনুস্বাক্ষরকারী রাষ্ট্র নয়। এ বিষয়ে বাংলাদেশের কোনো দায়বদ্ধতাও নেই।আজ বৃহস্পতিবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অবস্থানরত কয়েকটি রোহিঙ্গা সংগঠনকে সশস্ত্রভাবে মদদ জোগাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা মিয়ানমারের সাম্প্রতিক জাতিগত দাঙ্গাকে উসকে দিচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে এ অভিযোগ করেছে।রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার জন্য কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় যে আহ্বান করেছে, তা প্রত্যাখ্যান করে দীপু মনি বলেন, ‘যেসব দেশ ও সংস্থা মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের বাংলাদেশ অবস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, তাদের প্রতি অনুরোধ রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করার জন্য মিয়ানমারকে অনুরোধ জানান। রোহিঙ্গাদের দুঃখে দুঃখিত হন। তাদের পাশে দাঁড়ান। আমাদের নিজেদেরই সমস্যা অনেক। নতুন করে সমস্যা তৈরি করতে চাই না। আমাদের প্রতি আপনাদের অনুরোধ সংগত নয়। আমরাও সীমান্ত খুলে দিতে বাধ্য নই। কিছুতেই আমরা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেব না।’দীপু মনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা থাকা না সত্ত্বেও মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের এ দেশে থাকতে দিচ্ছি। বাংলাদেশ কখনোই তাদের প্রতি অমানবিক আচরণ করেনি এবং করবে না। জলপথে যেসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তাদের খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় জ্বালানি বিজিবি সরবরাহ করছে। আবহাওয়া খারাপ থাকার জন্য কিছু রোহিঙ্গা সেন্টমার্টিনে অবস্থান করছে। তাদেরও মিয়ানমারে ফেরত পাঠানো হয়নি। সেখানে একজন রোহিঙ্গা নারী সন্তানও প্রসব করেছেন। তাদেরও চিকিত্সার সুব্যবস্থা করা হয়েছে।’রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানান দীপু মনি। তিনি বলেন, এর আগে ১৯৭৯, ১৯৯১ এবং ১৯৯২ সালে ব্যাপক হারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটে। তখনো মিয়ানমার সরকার তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। রোহিঙ্গাদের অনুপ্রবেশে যারা সহায়তা করেছিল, বিগত সরকারের সহায়তায় তারা বিশেষ কায়দার রোহিঙ্গাদের বিদেশে পাঠিয়েছে। বিষয়টি আমাদের শ্রম বাজার ক্ষতিগ্রস্ত করেছে। রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সঙ্গে জড়িত হচ্ছে বলেও দীপু মনি বিবৃতিতে বলেন। দীপু মনির বিবৃতির আগে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু এবং জাসদের মইন উদ্দীন খান বাদল রোহিঙ্গা সমস্যা নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চাইলে তা বিধিসম্মত না হওয়ায় ডেপুটি স্পিকার তাঁদের মাইক বন্ধ করে দেন। তিনি তাঁদের এ বিষয়ে নোটিশ দেওয়ার আহ্বান জানান। পরে ৩০০ বিধিতে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিলে সমস্যার সমাধান হয়।