রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার রক্ষা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বৌদ্ধধর্মাবলম্বীদের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সংঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের মানবাধিকার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গত সোমবার গৃহীত প্রস্তাবে ওই সব আহ্বান জানানো হয়। সর্বসম্মতভাবে গৃহীত ওই প্রস্তাবে বলা হয়, মিয়ানমারে কৌশলে মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে।মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় আট লাখ রোহিঙ্গাকে দেশের নাগরিক বলে মানতে চায় না সেখানকার সরকার। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের হামলায় গত জুনের পর সেখানে নিহত হয়েছে দেড় শতাধিক রোহিঙ্গা। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ। দুই পক্ষের সংঘাত ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা বাহিনীও রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণসহ দমন-পীড়ন চালায় বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের ওই প্রস্তাবে।জাতিসংঘে এ প্রস্তাব গৃহীত হওয়ার পর সংস্থাটিতে মিয়ানমার মিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রস্তাবটি গ্রহণ করছে, তবে রোহিঙ্গাদের সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে তাদের আপত্তি আছে। রয়টার্স।