রোহিঙ্গাদের নিয়ে সু চির মন্তব্যে সরকারের বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের প্রশ্নে মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির সাম্প্রতিক মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্ময় প্রকাশ করেছে। সরকার মনে করে, তাঁর এ মন্তব্য দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে মিয়ানমার সরকারের গৃহীত পদক্ষেপ ও অনুসৃত নীতির পরিপন্থী। মিয়ানমারের বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা প্রসঙ্গে বক্তব্য দেওয়ার তিন দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক প্রতিক্রিয়া জানায়। অং সান সু চি গত বৃহস্পতিবার ভারত সফরের সময় স্যাটেলাইট চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হতে হবে। তা না হলে সমস্যার সমাধান হবে না। এ ছাড়া রোহিঙ্গা মুসলিমরা সীমান্তের দুই পাশেই অবস্থান করছে। তাই সম্প্রতি জাতিগত দাঙ্গার পর সমঝোতা প্রতিষ্ঠার স্বার্থে তাঁর পক্ষে রোহিঙ্গাদের সমর্থন করা সম্ভব নয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯১-৯২ সালে মিয়ানমার থেকে দুই লাখ ৫০ হাজার ৮৭৭ জন রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। পরে এসব রোহিঙ্গাকে মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর জাতিসংঘ শরণার্থী কমিশনকে (ইউএনএইচসিআর) নিয়ে বাংলাদেশ একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জনকে মিয়ানমারে ফেরত পাঠায়। অবশিষ্ট শরণার্থীরা বাংলাদেশের দুই শিবিরে অবস্থান করছে। তাদের নাগরিকত্ব নিশ্চিত সাপেক্ষে নিজেদের দেশে ফেরত পাঠাতে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করছে মিয়ানমার ও বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব শরণার্থীর বাইরে মিয়ানমারের বিপুলসংখ্যক লোক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গার সংখ্যা চার থেকে পাঁচ লাখ বলে খবর প্রকাশিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফরসহ বিভিন্ন পর্যায়ের আলোচনায় এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়টি তুলেছে বাংলাদেশ। মিয়ানমার তখন প্রতিশ্রুতি দিয়েছিল, জাতীয়তা নিশ্চিত হওয়ার পর তাদের ফিরিয়ে নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার পর তাদের মিয়ানমারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তাই বাংলাদেশ সরকার আন্তরিকভাবে আশা করে, কোনো রকম তথ্য ছাড়া সংশ্লিষ্ট সবাই মন্তব্য করা থেকে বিরত থাকবেন। কারণ, সৎ প্রতিবেশীসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত এ সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।