রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিতে উখিয়ায় স্থানীয়দের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুবআলম ও টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের ২১ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাসকারী আরও প্রায় দুই লাখ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলন শুরু করেছে উখিয়ার স্থানীয় অধিবাসীদের সংগঠন রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটি। কমিটির সদস্যরা আজ রোববার সকাল থেকে উখিয়া বাসস্ট্যান্ড ও শরণার্থী শিবিরে সংগঠনটি সমাবেশের আয়োজন করেন। তাঁরা এ সময় বিভিন্ন শরণার্থী শিবিরে কর্মরত দেশি-বিদেশি সাহায্য সংস্থার কর্মীদের ওই সব শিবিরে যেতে বাধা দেন। গত ১৫ এপ্রিল রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটির উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। তখন কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, রোহিঙ্গাদের ৩০ এপ্রিলের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো না হলে তারা ২ মে থেকে আন্দোলন শুরু করবে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটির আহ্বায়ক হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গারা গোটা কক্সবাজারে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি করছে। তাদের কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এলাকার চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে রোহিঙ্গারা জড়িত। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না পাঠানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।