রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের আশ্বাস
বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিকদের ফেরত নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে মিয়ানমার। এ ছাড়া নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হওয়া সাপেক্ষে বাংলাদেশে গ্যাস রপ্তানিকে অগ্রাধিকার দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশের প্রেসিডেন্ট উ থিন সেইন এসব আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান।প্রেসিডেন্ট থিন সেইন বলেন, মিয়ানমার এরই মধ্যে সে দেশের বিদ্যমান গ্যাসক্ষেত্র থেকে চীনের কাছে গ্যাস রপ্তানির বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও পর্যাপ্ত মজুদ সাপেক্ষে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশ গ্যাস রপ্তানির ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবিদ্যুত্ উত্পাদনে মিয়ানমারকে সহযোগিতার প্রস্তাব দিয়ে বলেন, বাংলাদেশ সরাসরি ক্রেতা হিসেবে কিংবা সমতার ভিত্তিতে মিয়ানমারের যেকোনো জলবিদ্যুত্ প্রকল্পে বিনিয়োগে প্রস্তুত রয়েছে।প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী মিয়ানমারের শরণার্থীদের ফিরিয়ে নেওয়া, জ্বালানি খাতে সহযোগিতা, সড়ক ও আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপন, বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনায় স্থান পায়। দ্বিপক্ষীয় এ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে একে অপরকে সহযোগিতা করার বিষয়েও উভয় দেশ সম্মত হয়েছে।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ এম ওয়াহিদুজ্জামান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, সাংসদ নাজমুল হাসান ও বীর বাহাদুর উপস্থিত ছিলেন। বাসস।