মিয়ানমারের জাতিগত সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ না করার অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নিউইয়র্কভিত্তিক সংগঠনটির প্রধান ক্যান রুথ আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। সংগঠনটির ই-মেইল বার্তায় এ তথ্য জানা গেছে।চিঠিতে বলা হয়েছে, আরাকান রাজ্যে জাতিগত সংঘাতে যখন জীবন সংকটাপন্ন, সে মুহূর্তে সীমান্ত বন্ধ রাখার মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় তার অঙ্গীকার লঙ্ঘন করছে। জীবন বাঁচাতে পালিয়ে আসা লোকজনকে সুরক্ষার স্বার্থে সীমান্ত অবারিত রাখার ব্যাপারে বাংলাদেশের বাধ্যবাধকতা রয়েছে।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্যান রুথ বলেন, ‘আমরা বুঝতে পারছি, এ পরিস্থিতি আপনার দেশের জন্য এক অপ্রত্যাশিত বোঝা চাপিয়ে দিচ্ছে। তবে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত রাখুন। আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের সহায়তায় এগিয়ে আসবে বলেই আমাদের বিশ্বাস। আপনি উন্নয়ন সহযোগী ও প্রত্যাবাসনে সহায়তাকারী দেশগুলোকে আহ্বান জানানোর মধ্য দিয়ে এ কাজে সহায়তা করতে পারেন। এর মাধ্যমে আপনি মানবিক সাহায্য সংস্থাগুলোকে ওই এলাকায় অবাধে ত্রাণকাজ পরিচালনার সুযোগ করে দিতে পারেন।’চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে ক্যান রুথ আরও বলেন, ‘এ মুহূর্তে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। সীমান্ত খুলে দিন, মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং মানবাধিকার সমুন্নত রাখতে আন্তর্জাতিক সহমর্মিতা প্রকাশের স্বার্থে বৈঠক আহ্বান জরুরি।’