রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ধর্মীয় সংঘাত থেকে পালানো রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশ বন্ধ না করার অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।নিউইয়র্কভিত্তিক সংগঠনটির নির্বাহী পরিচালক কেনেথ রথ গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। সংগঠনটির এক ই-মেইল বার্তায় এ তথ্য জানা গেছে।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক বলেছেন, ‘মিয়ানমারের আরাকান রাজ্যের (রাখাইন রাজ্য নামেও পরিচিত) ধর্মীয় সংঘাত থেকে পালিয়ে বাঁচতে বাংলাদেশে আশ্রয়প্রার্থী লোকজনের জন্য সীমান্ত বন্ধ করার যে নীতি বাংলাদেশ সরকার নিয়েছে, সেটি পুনর্বিবেচনার জন্য আপনাকে লিখছি। সংঘাত ও নিধনযজ্ঞ থেকে বাঁচাতে নিরাপদে নিজভূমে ফেরার আগে আন্তর্জাতিক আইন মেনে এসব মানুষকে অন্তত সাময়িকভাবে আশ্রয় দিতে আপনাকে অনুরোধ জানাই।’ এ প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের প্রধান একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত শরণার্থীদের জন্য সীমান্ত অবারিত রাখায় যে সুফল বাংলাদেশ পেয়েছিল, তার উল্লেখ করেন।চিঠিতে কেনেথ রথ স্বীকার করেন, রোহিঙ্গাদের আশ্রয়দানের খরচ মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যবাধকতা রয়েছে। এ প্রসঙ্গে ১২ জুন প্রচারিত সংগঠনের বিবৃতি উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ‘শরণার্থীদের জন্য আমরা শুধু বাংলাদেশকে সীমান্ত খোলা রাখতেই বলছি না, পাশাপাশি এটাও বলছি যে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের সহায়তার স্বার্থে এবং এ সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদার সমর্থন প্রয়োজন।’প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সংসদে দেওয়া বক্তব্যের ব্যাপারে এইচআরডব্লিউ চিঠিতে উদ্বেগ জানিয়েছে। শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে বাংলাদেশ আন্তর্জাতিক কোনো নীতি, কনভেনশন কিংবা আইনে সই করেনি বলে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য নয়—দীপু মনির এ বক্তব্য নাকচ করে দিয়ে সংগঠনটি বলেছে, শরণার্থীবিষয়ক কনভেনশন সই না করলেও বাংলাদেশ নির্যাতন, অন্যান্য নৃশংস ও অমানবিক নির্যাতন, নাগরিক ও রাজনৈতিক অধিকার এবং শিশু অধিকারবিষয়ক কনভেনশনে সই করেছে। এ চুক্তিগুলোতে সুস্পষ্টভাবে শরণার্থীদের অধিকার সমুন্নত রাখার বিধান রয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের চিঠিতে বলা হয়েছে, মিয়ানমারে জাতিগত সংঘাতে যখন জীবন সংকটাপন্ন, সে মুহূর্তে সীমান্ত বন্ধ রাখার মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় তার অঙ্গীকার লঙ্ঘন করছে। জীবন বাঁচাতে পালিয়ে আসা লোকজনের সুরক্ষার স্বার্থে সীমান্ত অবারিত রাখার ব্যাপারে বাংলাদেশের বাধ্যবাধকতা রয়েছে।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কেনেথ রথ আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি, এ পরিস্থিতি আপনার দেশের জন্য এক অপ্রত্যাশিত বোঝা চাপিয়ে দিচ্ছে। তবে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত রাখলে আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের সহায়তায় এগিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।’