রোহিঙ্গাদের বিষয়টি মানবিক: যুক্তরাষ্ট্রের কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এরিক পি শুয়ার্টজ বলেছেন, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়টি মানবিক। তবে এর সমাধান অবশ্যই রাজনৈতিকভাবে করতে হবে। কিন্তু অনিচ্ছার বিরুদ্ধে কাউকে দেশে ফেরত পাঠানো ঠিক হবে না।আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে শুয়ার্টজ এসব কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ অবস্থান নিশ্চিত করতে দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। যুক্তরাষ্ট্র মিয়ানমারে রাজনৈতিক সংস্কারকে উৎসাহিত করছে বলেও তিনি জানান।বাংলাদেশ রোহিঙ্গাদের বোঝা আর কতকাল বইবে—এমন প্রশ্নের উত্তরে শুয়ার্টজ বলেন, শরণার্থীসমস্যা কতটা গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশের চেয়ে ভালো আর কে জানে। কাজেই বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মানবিক দিকগুলো অনুধাবন করবে বলে জানান তিনি।প্রসঙ্গত, এরিক পি শুয়ার্টজ তিন দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। পরে তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেন। এরপর তিনি গত বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক এবং গতকাল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বাংলাদেশের মতো অতি জনবহুল দেশে প্রায় তিন থেকে পাঁচ লাখ অনিবন্ধিত ও প্রায় ২৯ হাজার নিবন্ধিত রোহিঙ্গা অবস্থানের ফলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুয়ার্টজ বলেন, আফ্রিকা মহাদেশের লাখ লাখ বাসিন্দা সংকটাপন্ন সময়ে অন্যত্র আশ্রয় নেওয়ার পর পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে নিজ দেশে ফিরে গেছেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।শুয়ার্টজ বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ত্রাণসহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ১৯৯১ সাল থেকেই এ ব্যাপারে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।